গেইলই সেরা, বললেন ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার শেন ওয়াটসন। ব্যাটিং ও বোলিং র‌্যাঙ্কিংয়েও আলাদাভাবে প্রথম ১০ জনের ভেতরে স্থান করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়াটসন। তবে নিজেকে কিছুতেই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের সেরা খেলোয়াড় বলে বিবেচনা করতে রাজি নন তিনি। ওয়াটসনের দৃষ্টিতে ক্রিস গেইলই টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা খেলোয়াড়।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ২৪৯ রান এসেছে ওয়াটসনের ব্যাট থেকে। বল হাতেও তিনি নিয়েছেন ১১টি উইকেট। অন্যদিকে ৬ ম্যাচে গেইল করেছেন ২২২ রান। তবে নিজের সেরা খেলাটা তিনি খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেমিফাইনালে। তাঁর করা ৪১ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংসটির সুবাদেই অসিদের ৭৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে গেইলের এই পারফরমেন্স হয়তো অনেক দিনই মনে রাখবেন শেন ওয়াটসন। গেইলকে ইতিমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা খেলোয়াড়ের আসনেও বসিয়েছেন এই অসি ওপেনার। ‘সিডনি মর্নিং হেরাল্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াটসন বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইল ক্রমাগতভাবে যে পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে, সেটা খুবই অসাধারণ। আমার মনে হয়, কেউ তাকে টপকে যেতে পারবে না।’— টাইমস অব ইন্ডিয়া