আমার জীবনে কোনো ম্যাচের জন্য এতটা ব্যাকুল অপেক্ষা আগে আর কখনো করিনি। দুই সপ্তাহ হয়ে গেল ভারতে এসেছি। অবশেষে এসে গেছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।তবে এমন নয়, আমরা কেউই জানতাম না বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচটা খেলতে একটু বেশিই অপেক্ষা করতে হবে। সূচিটা তো আমরা অনেক আগেই দেখেছি। তখনই ঠিক করে নিয়েছি আমাদের পরিকল্পনা। আসলে বেশির ভাগ ক্রিকেটারেরই মানসিক প্রস্তুতির একটা ‘অন’ ‘অফ’ সুইচ থাকে। আমাদের বেশির ভাগই ‘অন’ সুইচে চাপ দিয়েছি মাত্র কদিন হলো। এর আগে আমরা অনুশীলন করেছি ঠিকই, কিন্তু সবারই ব্যক্তিগত লক্ষ্য আছে। তাই এমন নয়, আমরা ১৫ দিন ধরে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে ভেবে ভেবে দিন পার করেছি।দেরিতে শুরু করা অবশ্যই হতাশার। কিন্তু একই সঙ্গে এতে সুবিধাও আছে। ক্রিকেটারদের নিত্যসঙ্গী হয়ে থাকে ছোটখাটো চোট। বাড়তি সময় পাওয়ায় আমরা বেশি তরতাজা হয়ে শুরুও করতে পারছি। তা ছাড়া একসঙ্গে বেশি সময় কাটানোয় দলগত ঐক্য আরও বেড়েছে। ঠিক বলে-কয়ে তো আর হয়নি, তবে এটা বুঝতে পারছি, দলের সবাই একটি মাত্র লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।এই বিশ্বকাপে আমার নতুন একটা অভিজ্ঞতাও হচ্ছে। আগের চারটি বিশ্বকাপে আমাদের দলে দুটো অদৃশ্য ভাগ ছিল। প্রথম একাদশ আর বদলি বা বিকল্প। এমন নয়, এই নীতিটাকে আমার ত্রুটিপূর্ণ মনে হয়েছে। আমাদের দলের কোচ-অধিনায়কেরা সব সময়ই চেয়েছেন দলের সবার কাছে যার যার অবস্থা সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা থাকুক।কিন্তু এবার পরিস্থিতি অন্য রকম। ১৫ জনের সবাই আসলে সেরা একাদশে জায়গা করে নেওয়ার দাবিদার। এমনকি আমাদের বিকল্প উইকেটকিপার মরনে ফন উইকও আমাদের দেশের সেরা টপঅর্ডার ব্যাটসম্যানদের একজন।এবার আমরা তিন স্পিনারকে একসঙ্গে কতটুকু খেলাব—এ নিয়ে একটা আলোচনা-অনুমান চলছে। এটা আমাদের জন্যও ‘ইতিবাচক দ্বন্দ্ব’। দলে একজন কৃপণ অফ স্পিনার, একজন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার এবং একজন উইকেট তুলে নেওয়ায় কার্যকর লেগ স্পিনার আছে।নিজের জন্য আরেকটি বোনাস হলো আমার বোলিং। এটা ম্যাচের আগে আমাদের পরিকল্পনা সহজ করে দেয়। আমি নিজেও এটা নিয়ে খুশি। কারণ, আমি এখনো নিজেকে অনেক বেশি একজন অলরাউন্ডারই মনে করি। শারীরিকভাবেও নিজের জীবনের অন্যতম সেরা ফিট অবস্থায় আছি। আমি তাই ভালোভাবেই অবদান রাখতে উন্মুখ।ওয়েস্ট ইন্ডিজ নিয়ে আমার ভাবনা? কোনো দুশ্চিন্তা নেই, কেবল সমীহটুকু আছে। আর আমাকে যদি সুনির্দিষ্ট একজনের কথা বলতে বলেন, ক্রিস গেইলই হবে আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি। তবে অনেকেই কিন্তু গেইলকে নিয়ে বেশি ভাবতে গিয়ে ওদের দলের বাকি ম্যাচ উইনারদের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নেয়। ভুলটা ওখানেই করে। আমরা সেই ভুল করব না।