গেইলকে ক্ষমা চাইতে বলা হাস্যকর: রিচার্ডস
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শর্ত বেঁধে দিয়েছে, দলে ফিরতে হলে ক্ষমা চাইতে হবে ক্রিস গেইলকে। গেইল জানিয়ে দিয়েছেন, ক্ষমা চাইবেন না তিনি। নিজেদের শর্তে অটল বোর্ডও। গেইলকে ক্ষমা চাইতে বলার এ ঘটনাকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডস।‘আমি বলব, ক্ষমা চাওয়ার কথা বলে গেইলকে দলের বাইরে রেখেছে বোর্ড। গেইলকে ক্ষমা চাইতে বলা হাস্যকর। দলে ফিরতে ওর সহায়তা প্রয়োজন। আমার মত হচ্ছে, গেইলকে ক্ষমা চাইতে বলা হাস্যকর।’ অ্যান্টিগা অবজারভারকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন ৫৯ বছর বয়সী রিচার্ডস।রিচার্ডস বলেন, ‘গেইল ক্ষমা চাইতে পারে, আবার না-ও চাইতে পারে। এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমার প্রশ্ন, গেইলকে ক্ষমা চাইতে বলার সাহস বোর্ড পেল কোথা থেকে?’নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে রিচার্ডস বলেন, ‘গেইল যা করেছে, এর সবকিছু সমর্থন করে ওর পাশে দাঁড়িয়েছি, এমনটা নয়। কিন্তু আমি মনে করি, ওর মতো প্রতিভা দলের দরকার। ওরও সবার সহায়তা প্রয়োজন।’২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের পর থেকে দলের বাইরে আছেন গেইল। বিশ্বকাপের পর জ্যামাইকান একটি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে বোর্ড ও দলের প্রধান কোচ ওটিস গিবসনের কড়া সমালোচনা করেছিলেন ৩২ বছর বয়সী বিধ্বংসী এই ব্যাটসম্যান। এখান থেকেই গেইল ও বোর্ডের মধ্যে তিক্ততা শুরু। দুই পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান আসেনি। ওয়েবসাইট।