বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। যদি বলি, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বনাম বাংলাদেশের বোলিং, একমত হবেন কি না, সেটি আপনার ব্যাপার। তবে আমি লড়াইটাকে এভাবেই দেখছি। এই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংই মূল শক্তি। ক্রিস গেইলের মতো বিধ্বংসী ব্যাটসম্যান আছে। সারওয়ান, চন্দরপলের মতো ইনিংস ধরে খেলা ব্যাটসম্যান, মারকুটে পোলার্ড—সমীহ না করে পারবেন কীভাবে? শুরুতেই বড় চ্যালেঞ্জ গেইলকে ফেরানো। গত ম্যাচে গেইল একটু ধীরস্থির ব্যাটিং করল। এটা ওদের পরিকল্পনার অংশ কি না, জানি না। তবে আক্রমণ করতে না পারলে ওর হাত নিশপিশ করে। ও শুরু থেকেই আক্রমণে যায়। এই ম্যাচেও যেতে পারে। গেইল ফাস্ট বল স্বচ্ছন্দে খেলে। স্পিন হলেই যত দ্বিধাদ্বন্দ্ব, মারব কি মারব না! তাই শুরুতেই গেইলকে থামাতে হবে স্পিন দিয়ে। একটা টি- টোয়েন্টি ম্যাচের কথা মনে পড়ছে। শুরুতেই ওকে পড়তে হয়েছিল স্পিনের বিপক্ষে। প্রথম বলে ছক্কা মেরে দ্বিতীয় বলেই আউট। এই কৌশল আমরাও নিতে পারি।নতুন বলের সেই স্পিনারটি কে? আমি অধিনায়ক হলে একজন অফ স্পিনার দিয়ে শুরু করতাম এবং সে হতো নাঈম। নাঈম উইকেট টু উইকেট বল করে। নতুন বল করার অভিজ্ঞতা ওর আছে। ভালো না করলে বিকল্প তো হাতে রইলই। শুনলাম বাংলাদেশের ১২ জনের দলে মাহমুদউল্লাহ আছে। তাকে খেলানো হবে কি না, জানি না। খেলালে সুবিধা আমরা পেতে পারি।গেইলের বিপক্ষে পয়েন্ট পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গা দিয়ে ও ভীষণ জোরে মারে। ওখানে খুব ভালো ফিল্ডিং চাই। আমি ফিল্ডিং সাজালে গেইলকে আটকাতে এক্সট্রা কাভারে একজন ক্যাচার রাখব। গেইল-স্মিথরা সিঙ্গেলস কম নেবে। ওরা বড় শটে বেশি যাবে। ওই সুযোগ দেওয়া যাবে না। সারওয়ান-চন্দরপলের জন্য স্বাভাবিক ছকটাই থাকুক। ওরা প্রথাসিদ্ধ ব্যাটসম্যান। দুজনই স্পিন-পেসে ভালো। সিঙ্গেলস নেয় বেশি। একজন ফিল্ডার ভেতরে রেখে সিঙ্গেলস আটকাতে হবে। যত বড় ব্যাটসম্যানই হোক, ভালো বল সমীহ করতেই হবে। আমাদের অবশ্যপালনীয় কর্তব্য ভালো বল করা। পোলার্ডকে নিয়ে বাড়তি সতর্কতা দরকার। হল্যান্ডের বিপক্ষে ২৭ বলে ৬০ রান—পোলার্ডের ভয়ংকর রূপটা আমরা দেখেছি। পেসে সে অতটা স্বচ্ছন্দ নয়। কিন্তু স্পিনে বিগ শট নেয়। পোলার্ড উইকেটে থাকলে শফিউল, রুবেলকে ব্যবহার করা উচিত, যাতে রানের চাকা নাগালের বাইরে নিয়ে যেতে না পারে। মনে রাখা দরকার, আয়ারল্যান্ড পরশু ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ায় বি-গ্রুপটা উন্মুক্ত হয়ে গেছে। কী হবে বলা কঠিন। তবে যা-ই হোক, এই ম্যাচটা আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ। টপ অর্ডারে কারও কাছ থেকে একটা সেঞ্চুরি অবশ্যই আজ চাইব। কেউ একজন ৪০-৪৫ ওভার পর্যন্ত থাকুক। ব্যাটিং পাওয়ার প্লে কাজে লাগানো, এই সময় উইকেট না হারানো, এগুলো তো গুরুত্বপূর্ণ। টস জিতে ব্যাটিং নেওয়া হোক। বোর্ডে অন্তত ২৪০-২৫০ চাইব। পরের দিকে উইকেট একটু কঠিন হয়ে যাচ্ছে। স্লো এবং টার্ন থাকছে। ডিউ ফ্যাক্টর কাজ করছে না। আর ফিল্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ রান সেভ করতে পারলেও অনেক। ও হ্যাঁ, বলাই হয়নি। আমি গত ম্যাচের একাদশ রেখে দেওয়ারই পক্ষে। সাবিকদের বলব, বেশি চাপ নিও না।