গেইলকে পাল্টা আক্রমণ বোর্ডের
কয়েক দিন বিরতির পর আবার শুরু হয়েছে পাল্টাপাল্টি আক্রমণ। গতকাল শনিবার ক্রিস গেইল বোর্ডকে আক্রমণ করে বলেছিলেন, আলাপ-আলোচনার নাম করে বোর্ড এত দিন যা করেছে, তা এক কথায় প্রহসন। এক দিন পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাল্টা আক্রমণ করে বলেছে, সমঝোতা করার মানসিকতাই গেইলের ছিল না।‘এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। বোর্ড সব সময় চায়, বিষয়টির সমাধান হোক। কিন্তু সর্বশেষ বৈঠকে গেইলের আচরণ ছিল প্রতিপক্ষের মতো’—গেইলের মন্তব্যের প্রতিক্রিয়ায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বোর্ড।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বোর্ড চেয়েছিল ওই বৈঠকেই বিষয়টির সমঝোতা হোক। তবে এর মানে এই নয় যে সবকিছু বিসর্জন দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরতে হলে গেইলের কাছ থেকেও সহায়তা দরকার। তাঁকে আরও নমনীয় হতে হবে।বোর্ডের সঙ্গে গেইলের দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে গত ১৫ জুন বৈঠকে বসেছিল দুই পক্ষ। কিন্তু ওই বৈঠকে দুই পক্ষের মুখোমুখি অবস্থান আর পাল্টাপাল্টি আক্রমণে পরিস্থিতিটা আরও ঘোলাটে হয়। আলোচনার পথ এখনো অবশ্য বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছে বোর্ড। ওয়েবসাইট।