গলে সেই বিস্ফোরক ৩৩৩। এর পর কলম্বো আর পাল্লেকেলেতে দুটো টেস্ট। তার পর? ১৯ মাসের দীর্ঘ নির্বাসন!অবশেষে আজ টেস্ট ক্রিকেটে ফিরছেন ক্রিস গেইল। অ্যান্টিগায় নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে নির্বাসন শেষ হচ্ছে তাঁর। ‘ইস্ টেস্টে কত্ত দিন গেইলের খেলা দেখি না’ বলে এতদিন আক্ষেপ করছিলেন তাঁর যেসব ভক্ত, অপেক্ষার অবসান হচ্ছে তাদেরও।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দূরত্ব তাঁর এই দীর্ঘ বিরতির কারণ। অবশেষে সেই বরফ গলে গত মাসে ওয়ানডে দলে ফিরেছেন। ফেরার পর প্রথম তিন ইনিংসে দুটো ফিফটি আর একটি সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে জমে থাকা রানগুলো দ্রুত তুলে ফেলার তাড়া আছে তাঁর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ড্যারেন স্যামি নিশ্চয়ই চাইবেন, টেস্ট দলেও ভূমিকাটা রাখুন গেইল।ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সব সময়ই গেইলকে দলে দেখতে চেয়েছেন। বোর্ডের সঙ্গে গেইলের দ্বন্দ্বের সময়টাতেও। গেইলের শূন্যতার কথা বলেছেন বারবার। অবশ্য স্যামি না বললেও চলত। গেইলকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি হয়ে পড়েছিল দৈন্য। গত দেড় বছরে পাঁচটি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি দিয়ে চেষ্টা করতে হয়েছে দলকে। এ সময় ৩১ ইনিংসে মাত্র তিনটি ফিফটি পার্টনারশিপ এনে দিতে পেরেছে ওপেনিং জুটি। এই বছর তো উদ্বোধনী জুটির অবস্থা আরও করুণ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে এই জুটির গড় ছিল ১৪.৪৫!গত ডিসেম্বরে পাল্লেকেলে টেস্টের পর মাত্র একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। তার পরও লাল বলটা দেখতে যে কোনো সমস্যাই হচ্ছে না, সেটি গেইল বুঝিয়ে দিয়েছেন উইন্ডওয়ার্ড আইল্যান্ডের বিপক্ষে জ্যামাইকার হয়ে ১৫৫ বলে ১৬৫ রানের ইনিংস খেলে। তা ছাড়া নিউজিল্যান্ড তাঁর প্রিয় প্রতিপক্ষও। কিউয়িদের বিপক্ষে গেইলের গড় (৭৪.৫৪) অন্য সব প্রতিপক্ষের চেয়ে বেশি। কাজেই এই সিরিজে শেষ পর্যন্ত গেইলই হয়ে উঠতে পারেন ‘এক্স ফ্যাক্টর’। স্যামিও তাই গেইলকে পেয়ে উচ্ছ্বসিত, ‘এটা খুবই রোমাঞ্চকর। আমি জানি ও সাদা পোশাকেও ফিরতে মুখিয়ে আছে। শুধু ক্রিস নয়, পুরো দলই এই টেস্ট সিরিজের জন্য মুখিয়ে আছে এবং আশা করছে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের মতো এখানেও আমরা দারুণ করব।’ ওয়েবসাইট।