গেইলকে ফেরাতে রাজনৈতিক উদ্যোগ
ক্রিস গেইল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) ঝামেলা মেটাতে এবার রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। ক্রিস গেইলের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যারিবীয় রাষ্ট্রগুলোর সংগঠন দ্য ক্যারিবিয়ান কমিউনিটি (কারিকম) নিয়েছে এই সিদ্ধান্ত। গত ১ জুলাই ডব্লুআইসিবিকে দায়ী করে বিশাল এক আবেগময় বিবৃতি দিয়েছিলেন গেইল। যেখানে ডব্লুআইসিবির চেয়ারম্যান আর্নেস্ট হিলাইরেকে দায়ী করেছেন তাঁর ক্যারিয়ার ধ্বংসের চেষ্টার জন্য। সেখানেই ছিল সরকারি হস্তক্ষেপের আবেদন। কারিকমের চেয়ারম্যান এবং সেন্ট কিটস ও নেভিসের প্রধানমন্ত্রী ডেনজিল ডগলাস জানিয়েছেন, সমস্যার সমাধানে একটি কমিটি গঠনে মতৈক্যের কথা। প্রধানমন্ত্রীদের নিয়ে গঠিত এই সাব-কমিটি কাজ করবে ক্রিকেট নিয়ে। ডগলাস সিএমসি স্পোর্টস ওয়ারকে বলেছেন, ‘আজ আমাদের খেলোয়াড়দের সংগঠন ও ডব্লুআইসিবির মধ্যে চলমান অচলাবস্থা দূর করার জন্য বেশ কয়েকটা সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা বিশ্বাস করি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন আর ক্যারিবিয়ান লোকজনের মাথা উঁচু করে দাঁড়ানোর একটা বাহন নয়।’এর আগে ডব্লুআইসিবির সমালোচনা করেছিলেন গায়ানার প্রেসিডেন্ট ভরত জাগদেও, ‘প্রশ্ন্ন উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নিয়ন্ত্রক কে। বোর্ড ভাবছে তারাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মালিক, কিন্তু আমি বিশ্বাস করি, এটা আমাদের, এই অঞ্চলের সব মানুষের। অনেক দেশে ধারাবাহিক ব্যর্থতায় বোর্ডই বিদায় নেয়, কারণ কখনো কখনো তারাই সমস্যার কারণ। কিন্তু এখানে এমন কিছু হবে বলে মনে করা হচ্ছে না।’জাগদেওর সমবেদনাও পেয়েছেন গেইল, ‘ক্রিস গেইলের সঙ্গে বোর্ড অন্যায় আচরণ করেছে। তাকে দোষ দেওয়া যায় না, তাকেও উপার্জন করতে হয়। যখন একটি ট্যুর থেকে তাকে বাদ দেওয়া হলো এবং সে অন্য কোথাও চুক্তি করল, তখনই কি না মনে করা হলো সে এখান থেকে চলে গেছে।’ ওয়েবসাইট।