গেইলকে বাদ দেওয়া হতাশাজনক: আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের প্রতীকেই পরিণত হয়েছেন ক্রিস গেইল। সদ্য শেষ হওয়া আইপিএলেও রীতিমতো তাণ্ডব চালিয়েছেন বোলারদের ওপর। দুই-দুইটা সেঞ্চুরিসহ করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ৬০৮ রান। সেই সঙ্গে বল হাতেও আটটি উইকেট নিয়ে পেয়েছেন টুর্নামেন্ট সেরার স্বীকৃতি। কিন্তু এ নজরকাড়া পারফরম্যান্স দিয়েও ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকদের মন গলাতে পারেননি গেইল। ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে দলে জায়গা মেলেনি এই উইন্ডিজ অলরাউন্ডারের। গেইলকে বাদ দেওয়ার এ সিদ্ধান্তটাকে খুবই হতাশাজনক বলে বর্ণনা করেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম।করাচি থেকে ইএসপিএকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে এ পাকিস্তানি কিংবদন্তি বলেছেন, ‘গেইলকে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা না দেওয়াটা পুরো ক্রিকেট দুনিয়ার জন্যই হতাশাজনক। সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলে তাঁকে এমনিতেই দলে অন্তর্ভুক্ত করার কথা। যেকোনো ধরনের ক্রিকেটেই, গেইল একজন বিপজ্জনক ও খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা সম্প্রতি আইপিএলে তাঁর বিধ্বংসী চেহারাটা দেখেছি। সে একই সঙ্গে একজন দুর্দান্ত ব্যাটসম্যান, খুবই ভালো ফিল্ডার এবং সীমিত ওভারের ক্রিকেটে বল হাতেও খুব কার্যকরী ভূমিকা রাখতে পারে।’বিশ্বকাপের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পাচ্ছেন না গেইল। ইনজুরির অজুহাত দেখিয়ে তাঁকে নেওয়া হয়নি পাকিস্তানের বিপক্ষে সিরিজটাতে। তবে গেইল অবশ্য দাবি করেছিলেন, তাঁকে ইচ্ছা করেই বাদ দেওয়া হয়েছে। ওয়াসিম আকরামও মনে করেন, এখানে শুধু ক্রিকেটের বাইরেও আরও অনেক ব্যাপার আছে। তিনি বলেছেন, ‘গেইল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মধ্যে নিশ্চিতভাবেই কোনো গুরুতর সমস্যা চলছে। কিন্তু এর জন্য তাঁকে দূরে সরিয়ে রাখাটাও অযৌক্তিক। এটা ওয়েস্ট ইন্ডিজেরই একটা বিশাল ক্ষতি।