গেইলকে মনে পড়ছে সারওয়ানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে নিয়েই এখন সবচেয়ে বেশি শঙ্কিত থাকার কথা ছিল ভারত অধিনায়কের। তেমনি হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সবচেয়ে বড় ভরসাও। কিন্তু তিনি মাঠের বাইরে থেকে খেলা দেখছেন সতীর্থদের। অলস সময় কাটাচ্ছেন জ্যামাইকার বাড়িতে। টুইটারে অবশ্য দারুণ সক্রিয়, নিয়মিত নিজের খোঁজখবর জানিয়ে দিচ্ছেন ভক্তদের। জাতীয় দলের বাইরে থাকার যন্ত্রণাও জানিয়ে দিচ্ছেন মাঝেমধ্যে। ক্রিস গেইলের না থাকাটা কি ওয়েস্ট ইন্ডিজ দলকেও পোড়াচ্ছে না?টি-টোয়েন্টির মতো পরশু প্রথম ওয়ানতেতেও ভগ্নশক্তির ভারতের কাছে হারল গেইলবিহীন ওয়েস্ট ইন্ডিজ। ২১৪ রান নিয়েও লড়াইটা খারাপ করেননি উইন্ডিজের বোলাররা। কিন্তু ভারতের দীর্ঘ ব্যাটিং লাইন আপের কাছে শেষ পর্যন্ত অপ্রতুল হয়ে গেছে রানটা। ম্যাচ শেষে অধিনায়ক ড্যারেন স্যামি হারের জন্য দায়ী করলেন ব্যাটিং ব্যর্থতাকে। তবে সবার মনের কথাটাই মনে হয় উঠে এল রামনরেশ সারওয়ানের কণ্ঠে, ‘সত্যি বলতে আমরা ওকে (গেইল) মিস করছি। টপ অর্ডারে ক্রিসের মতো কারও বিকল্প পাওয়া কঠিন। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে সে বিশ্বের সবচেয়ে ভীতি-জাগানিয়া ব্যাটসম্যান।’গেইলবিহীন টপ অর্ডার দাঁড়াতেই পারেনি পরশু। মাঝে সারওয়ান (৫৬) ও মারলন স্যামুয়েলস (৫৫) রান পেলেও বলের সঙ্গে পাল্লা দিতে পারেননি। যথারীতি স্পিনে হাঁসফাঁস করেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। তিনটি উইকেট নিয়েছেন হরভজন সিং, পার্টটাইমার রায়না দুটি। মন্থর উইকেটে ভারত ৩ উইকেট হারিয়েছিল ৬১ রানে। তবে পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যাটিং করে দলকে জয় এনে দেন ধাওয়ান-রোহিতরা। গত অক্টোবরে অভিষেক ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর বাদ পড়েছিলেন ওপেনার শিখর ধাওয়ান। পরশু ৭৬ বলে করেছেন ৫১। বিশ্বকাপে উপেক্ষিত রোহিত শর্মা ৭৫ বলে অপরাজিত ৬৮ করে ম্যাচ-সেরা। ৫০ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন অধিনায়ক রায়না।আজ ত্রিনিদাদেই দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের পর দলে ফিরতেও পারেন গেইল। ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করেছিল শুধু ত্রিনিদাদ অংশের জন্য। সিরিজের পরের দুটি ম্যাচ অ্যান্টিগায়, শেষটি জ্যামাইকায়।