গেইলকে মিস করছে না উইন্ডিজ!
ওটিস গিবসনকে পাশে নিয়ে ড্যারেন স্যামি কাল যখন মিরপুরের সংবাদ সম্মেলনে কথা বলছেন, বেঙ্গালুরুতে ক্রিস গেইল হয়তো মানসিক প্রস্তুতি নিচ্ছেন মাঠে নামার। চ্যাম্পিয়নস লিগের বাঁচা-মরার লড়াই বলে কথা! মিরপুরের অনুশীলন শেষে স্যামিরা যখন টিম বাসে হোটেলে ফিরছেন, গেইল তখন হয়তো রয়্যাল চ্যালেঞ্জার্সের টিম বাসে করে যাচ্ছেন চিন্নাস্বামী স্টেডিয়ামে।কিন্তু সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের কোচ-অধিনায়ক কাউকেই খুব একটা উৎসাহী মনে হলো না গেইলকে নিয়ে কথা বলতে। মিরপুর থেকে বেঙ্গালুরুর দূরত্ব যতটা, ওয়েস্ট ইন্ডিজ দলের মানসিকতা থেকে গেইলের দূরত্ব মনে হলো যোজন যোজন বেশি!বিস্ফোরক ব্যাটিং আর কার্যকর অফস্পিন মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ক্রিস গেইল আকর্ষণীয় প্যাকেজ। টি-টোয়েন্টিতে তো রীতিমতো ‘হটকেক’। আইপিএল, কাউন্টি আর বিগব্যাশে তাঁকে নিয়ে কাড়াকাড়ি, আগামী মৌসুমে খেলবেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতেও। কাল জানা গেল, ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের জ্যামাইকা দলেও ফেরানো হয়েছে গেইলকে। সেই তিনি কিনা বাংলাদেশ সিরিজে জাতীয় দলে অপাঙেক্তয়! গেইলের ঔদ্ধত্য আর বোর্ডের বাড়াবাড়ি—দুটোর ধারাবাহিকতাতেই আসলে গেইলবিহীন এই ওয়েস্ট ইন্ডিজ। এই বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা-সমালোচনা হওয়ার কারণেই হয়তো গেইলকে নিয়ে কথাই বলতে চাইলেন না স্যামি। গেইলের না থাকা নিয়ে শুধু বললেন, ‘এটা আমার নিয়ন্ত্রণের বাইরে।’কোচ গিবসনই মনে হলো বেশি বিরক্ত। গেইলের মতো ম্যাচ উইনারের না থাকাটা কিছুটা দুশ্চিন্তার কি না, এটা শুনে দৃঢ়কণ্ঠে বললেন, ‘নো’। এমনটাই অবশ্য হওয়ার কথা। কোচের সঙ্গে গেইলের ‘যুদ্ধ’ নিয়েও তো আলোচনা কম হয়নি! গিবসন যা বললেন, তাতে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কাতেই পড়তে পারেন গেইল, ‘আমরা ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী দল গড়ার চেষ্টা করছি। তরুণদের দিকনির্দেশনা দেওয়ার জন্য সিনিয়র ক্রিকেটারের অবশ্যই প্রয়োজন, তবে তার চেয়ে বেশি প্রয়োজন দলের জন্য নিবেদিত ক্রিকেটার। কয়েকজন সিনিয়র ক্রিকেটার দলে আছে, সঙ্গে তরুণদের নিয়ে ভবিষ্যতের জন্য ভালো একটা দল গড়ে তোলা যাবে। অভিজ্ঞদের প্রয়োজন অবশ্যই আছে, তবে প্রয়োজন সবারই। প্রয়োজন নিবেদিত ক্রিকেটারের।’দলের জন্য নিবেদিত—এই শ্রেণীতে যে গেইল পড়েন না, সেটা নিশ্চিত। গেইলকে মিস করবেন কি না শুনে তাই গিবসনের চোখেমুখে রাজ্যের বিস্ময়, ‘সে তো এখানে নেই!’ ভাবভঙ্গিতে যেন বুঝিয়ে দিচ্ছিলেন, গেইলকে মিস করার কী আছে!গেইল জাতীয় দলকে কতটা ‘মিস’ করছেন, এটা নিয়ে সন্দেহ থাকতে পারে। কিন্তু গেইল না থাকলে ওয়েস্ট ইন্ডিজকে যে খানিকটা হলেও কম বিপজ্জনক মনে হয়, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ যেমন কাল সরাসরিই বললেন, গেইলের না থাকা বড় স্বস্তি। মাহমুদরা কী পারবেন, এই স্বস্তিটাকেই ক্যারিবিয়ানদের জন্য অস্বস্তিকর করে তুলতে?