গেইলকে স্বাগত জানাচ্ছেন গিবসন-স্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ওয়ানডেটা খেলেছিলেন ক্রিস গেইল। আর শেষ টেস্টটা খেলেছিলেন ২০১০ সালের ডিসেম্বরে। এরপর উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে দীর্ঘদিন ধরে দলের বাইরেই আছেন এ অভিজ্ঞ ওপেনার। তবে এবার দলে ফেরার পথ খুলেছেন গেইল। নিজ দেশের হয়ে খেলার জন্য সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করেছেন তিনি। আর গেইলের এই উদ্যোগকে স্বাগতই জানিয়েছেন উইন্ডিজের কোচ ওটিস গিবসন ও অধিনায়ক ড্যারেন স্যামি।আগামীকাল ইংল্যান্ড সফরের তিন দিনের প্রস্তুতি ম্যাচে সাসেক্সের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। আর চলমান এ সফরেই গেইল দলে সুযোগ পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ গিবসন। তিনি বলেছেন, ‘গেইলকে আবার দলে পাওয়ার আশা আছে জেনে খুব ভালো লেগেছে। আমি নিশ্চিত নির্বাচকেরা তাঁকে দলে ফেরাবেন। কারণ, সে একজন বিশ্বমানের ক্রিকেটার। ওয়ানডে সিরিজে তাকে দলে না নেওয়ার কোনো কারণই আমি দেখছি না।’ দীর্ঘদিন পরে দলে ফিরলেও গেইল আবার পুরোনোর অবস্থানে ফিরতে পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে গিবসন বলেছেন, ‘এটা তার জন্য খুবই সহজ হবে। সে এক দিনের ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। কাজেই আমার মনে হয় না তার কোন সমস্যা হবে।’ক্রিস গেইল আবার দলে ফিরলে সেটা উইন্ডিজ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি বলেছেন, ‘একজন অধিনায়ক হিসেবে, দলে যে-ই আসুক, আমরা তাকে স্বাগত জানাব। অবশ্যই আমরা তাকে দলের সমন্বিত সাফল্যের দিকেই নজর দিতে বলব। যদি গেইল দলে ফেরে তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। আমরা তাঁর সক্ষমতা সম্পর্কে বেশ ভালো মতোই জানি। আর আশা করছি, তিনিও আবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে খাপ খাইয়ে নিতে পারবেন।’—ক্রিকইনফো