গেইলকে স্বাগত জানালেন স্যামিরা
মুখে সব সময় হাসি লেগেই আছে। মাঠের ভেতরে যেমন, বাইরেও। সব সময়ই মজা করতে ভালোবাসেন ড্যারেন স্যামি। তাঁর সঙ্গে কারও সম্পর্ক শীতল হওয়া মুশকিল। শীতল নয় ক্রিস গেইলের সঙ্গেও। ওটিস গিবসনের সঙ্গে গেইলের সম্পর্কটা আবার বরফ-শীতল বললেও কম বলা হবে। গত এক বছরে প্রকাশ্যে গেইলকে ধুয়ে দিয়েছেন অনেকবার। তবে ইতিবাচক সিদ্ধান্তের সুফল পেতে শুরু করেছেন গেইল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক তো বটেই, কোচও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন গেইলকে। দলে আগাম স্বাগতও জানিয়ে রেখেছেন দুজন!তিন টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ এখন ইংল্যান্ডে। পরশুই সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার আগ্রহ জানিয়েছেন গেইল। গিবসনের ধারণা, গেইলের ফেরা এখন শুধু সময়ের ব্যাপার, ‘ক্রিসকে আবার পাওয়া যাবে জানাটা অসাধারণ ব্যাপার। আমি নিশ্চিত, নির্বাচকেরা ওকে দলে নেবে, কারণ ও বিশ্বমানের। ওয়ানডে সিরিজে যেহেতু ও খেলতে চাইছে, দলে না নেওয়ার কোনো কারণ দেখছি না।’ ২০১১ বিশ্বকাপের পর থেকেই আর দলে নেই গেইল। লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে কতটা সফল হবেন, সংশয় থাকছে। গিবসনের অবশ্য সংশয় নেই, ‘আমার মনে হয় না ওর জন্য কাজটা খুব কঠিন হবে। ও বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটসম্যান, এসব কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর ক্রিকেট বিশ্বজুড়ে বিভিন্ন দলে খেলেছে ও, দেখেছে অনেক ড্রেসিংরুম। রানও পেয়েছে সব জায়গায়। আমাদের এখানেও এর ব্যতিক্রম হবে না।’গেইল-বিতর্ক বছর খানেক ধরেই ওয়েস্ট ইন্ডিজ দলের ছায়াসঙ্গী। এবার গেইলকে স্বাগত জানানোর পাশাপাশি একটা সাবধানবাণীও শুনিয়েছেন স্যামি, ‘গেইল ইস্যু অনেক দিন ধরেই চলছে, আমি ওসবে মন দিইনি। আমার মনোযোগ দলের প্রতি। দল হিসেবে আমাদের এগিয়ে যেতে হতো এবং আমরা এই প্রমাণ রাখতে শুরু করেছি। আরও এগিয়ে যেতে চাই আমরা। গেইল যখন ফিরবে, দলের এই কঠোর পরিশ্রমের মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে ও ফিরলে অবশ্যই দলের জন্য দারুণ হবে। ওর সামর্থ্য আমরা সবাই জানি।’ ওয়েবসাইট।