গেইলকে হারিয়ে বিপিএলও বিবর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের প্রথম আসরের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে উঠেছিলেন তিনি। ক্রিস গেইলের ম্যাচ তো স্টেডিয়ামের গেটে ভিড়। গেইল ব্যাট করেন তো কেঁপে ওঠে গ্যালারি। বড় পর্দায় ভেসে ওঠা তাঁর ডাগ-আউটে বসে হেডফোনে গান শোনার ছবিতেও গলা ফাটানো উল্লাস।এই গেইল বিপিএলে আপাতত অতীত। পাঁচ ম্যাচের জন্য এসেছিলেন, পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন। পরে আবার ফিরবেন কি না, সেটি নিশ্চিত নয়। না ফেরার সম্ভাবনাই প্রবল। তবে গেইলের শেষটা হতে পারত আরেকটি ঝোড়ো তাণ্ডবে। বেরসিক কুঁচকির চোট সেটা হতে দিল না। ৩০ রানেই থেমে গেল বিপিএলে গেইলের বিদায়ী ইনিংস।তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কাল রাত ৯টায় দক্ষিণ আফ্রিকার ফ্লাইট ধরেননি। কারণ ওই কুঁচকির চোট। বরিশাল বার্নার্স সূত্রের খবর, চোটটা ভালোই ঝামেলায় ফেলতে পারে গেইলকে। আশঙ্কা সত্যি হলে মাঠের বাইরে চলে যেতে পারেন দু-তিন সপ্তাহের জন্যও। রাতে হোটেলে তাঁকে চিকিৎসকের দেখার কথা। টেলিফোনে কথাবার্তা বলেছেন ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গেও। সবার সঙ্গে কথা বলে, শরীরের অবস্থা বুঝেই বিমানে উঠবেন গেইল। তবে রোববার ডলফিনসের প্রথম ম্যাচে খেলতে পারছেন না মোটামুটি নিশ্চিত।গেইল যতক্ষণ ছিলেন, বিপিএলের বাতাসে উড়ে বেড়িয়েছে সত্যিকারের টি-টোয়েন্টির রোমাঞ্চ। পাঁচ ম্যাচ খেলে দুটি ঝোড়ো সেঞ্চুরি। রান করেছেন ২৮৮। গড় ৯৬ আর স্ট্রাইক রেট ১৮৭.০১! ১৯ বাউন্ডারির সঙ্গে এই পাঁচ ম্যাচে মেরেছেন ২৬টি ছক্কাও। গেইল যখন কাল ২৬তম ছক্কাটি মারছেন, বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার সংখ্যা তখন ৮!সেই গেইলকে আর পাওয়া যাচ্ছে না বলে বরিশাল বার্নার্স তো মন খারাপ করবেই। তবে ক্ষতিটা শুধু ওই দলের নয়। পুরো বিপিএলেরই। মাঠে দর্শক টেনে আনার বড় আকর্ষণটাই তো হারিয়ে গেল!