গেইলদের অপেক্ষায় ভারতের স্পিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেইল-নারাইন দুজনের হাতেই বল। তবে আজ গেইলের দায়িত্বটা বেশি ব্যাট হাতেই   শামসুল হক
গেইল-নারাইন দুজনের হাতেই বল। তবে আজ গেইলের দায়িত্বটা বেশি ব্যাট হাতেই শামসুল হক

টেলিভিশন ক্যামেরাগুলো তখনো অপ্রস্তুত। ক্ষণিকের অবসর কীভাবে কাটাবেন চঞ্চলমতি ড্যারেন স্যামি? অগত্যা সংবাদ সম্মেলন কক্ষের ঘূর্ণমান চেয়ারে বসে ঘুরতে থাকলেন। আকর্ণ হাসিটা বলে দিচ্ছিল, কাজটাতে দারুণ মজা পাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা আজ শুরুই করবে এক পা এগিয়ে রেখে। দলটির মারকাটারি সব টি-টোয়েন্টি ব্যাটসম্যান। ক্রিস গেইল তো একাই এক শ! সংবাদ সম্মেলনে স্যামি তার পরও বিনয়ের অবতার, ‘আমি কোনো দলকেই সহজ প্রতিপক্ষ মনে করি না। ভারত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে, তাদের আত্মবিশ্বাসও তাই ভালো। তবে আমরাও ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী।’

অনুশীলনের ফাঁকে কি তাঁকে থামানোর পরিকল্পনাই আঁটছিলেন যুবরাজ-জাদেজারা?  শামসুল হক
অনুশীলনের ফাঁকে কি তাঁকে থামানোর পরিকল্পনাই আঁটছিলেন যুবরাজ-জাদেজারা? শামসুল হক

এর আগে গেইল-স্যামুয়েলসের প্রসঙ্গটা তোলা হয়েছিল সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে আসা সুরেশ রায়নার কাছে। কিন্তু প্রশ্নটাকে কৌতুকের পর্যায়ে নিয়ে গিয়ে পাল্টা প্রশ্ন করে বসলেন ফর্মে থাকা ব্যাটসম্যান, ‘ধোনি-যুবরাজদের নিয়ে আপনি কী ভাবছেন...(হাসি)?’ পরে অবশ্য আরেক প্রশ্নের জবাবে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের মারকাটারি ব্যাটসম্যানদের ঠেকাতে ভারতের আছে স্পিন মারণাস্ত্র, ‘ওয়েস্ট ইন্ডিজ ছক্কা মারতে ওস্তাদ। তারা বড় বড় ছয় মারতে পারে ঠিকই, কিন্তু স্পিনারদের বিপক্ষে স্ট্রাইক বদল করে সিঙ্গেলস-ডাবলস নিতে পারে না। স্পিনাররাই আমাদের চাবিকাঠি।’ গেইল-ব্রাভোদের সামলাতে বিশেষ কিছু করতে হবে না বলেও মনে করেন ধোনির অন্যতম ভরসা, ‘মাঠে গিয়ে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। আমরা গেইল, ব্রাভোদের বিপক্ষে আগেও খেলেছি। আমরা জানি ওরা কী করতে পারে।’
আইপিএলের সুবাদে এই জানাশোনাটা অবশ্য দুই পক্ষেই আছে। রায়না তা মেনেই বলেছেন, ‘আমার মনে হয়, যারা মনোযোগ হারাবে, তারাই ম্যাচটা হারবে। তাই গোটা ৪০ ওভার ইতিবাচক মানসিকতায় থাকতে হবে, বাকিটা ওপরওয়ালার হাতে।’
ভারতীয় স্পিনের জবাব ড্যারেন স্যামিরও আছে, ‘এই ফরম্যাটের সেরা বোলার সুনীল নারাইন আছে আমাদের দলে। সঙ্গে আছে লেগ স্পিনার বদ্রি। আমি তো মনে করি আমাদের এই স্পিন আক্রমণ বেশ অভিজ্ঞ।’
পাকিস্তানকে হারিয়ে সুপার টেন শুরু করা ভারত যথেষ্টই আত্মবিশ্বাসী থাকবে জানা কথা। তবে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আছে ইতিহাস। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়ে দুবারই জিতেছে তারা এবং দুবারই বিশ্বকাপে। আর ভারতের জেতা একমাত্র ম্যাচটি ২০১১-এর ওয়েস্ট ইন্ডিজ সফরে।
ওয়েস্ট ইন্ডিজ -ভারত
মোট ওয়েস্ট ইন্ডিজ ভারত
মোট ৩ ২ ১
বিশ্বকাপে ২ ২ ০