বিস্ফোরক সব ব্যাটসম্যান আর টি-টোয়েন্টির উপযোগী অলরাউন্ডারে ঠাসা দল। অনেক দিন পর একটি টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ এসেছে ফেবারিট হিসেবে। প্রাক-টুর্নামেন্ট আলোচনায় অনেকেরই বাজি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ড্যারেন স্যামি স্বভাবসুলভ হেসে বলেছিলেন, ‘ফেবারিট তকমা ম্যাচ জেতায় না।’ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের কথাটাই এখন কঠিন বাস্তবতা। ফেবারিটদের টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে আজই! পরশু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হারতে হয়েছে ১৭ রানে। আজ যদি পচা শামুকে পা কাটে, তাহলেই গেইলদের টুর্নামেন্ট শেষ। পা কাটার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ এই শামুকের ধার খারাপ নয়। মাঝেমধ্যেই দৈত্য-বধের অভ্যাস আছে আইরিশদের! প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে উড়ে যাওয়া আইরিশরা এখন কৃতজ্ঞতা জানাতে পারে সেই অস্ট্রেলিয়ানদেরই। অস্ট্রেলিয়ার সৌজন্যেই খুলে গেছে তাদের সম্ভাবনার দুয়ার। আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই স্বপ্নের সুপার এইট!ওয়েস্ট ইন্ডিজের শক্তি ও দুর্বলতা—দুটিরই সত্যিকারের প্রদর্শন হয়ে গেছে যেন প্রথম ম্যাচেই। গেইল-স্যামুয়েলসের ফিফটি, সঙ্গে আরও দু-তিনজনের ছোট্ট ঝড় মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১৯১ রান। কিন্তু ওয়ার্নার-ওয়াটসনরা ক্যারিবীয়দের বোলিং-দৈন্য ফুটিয়ে তুলেছেন নিষ্ঠুরভাবে। এডওয়ার্ডসের গতি, রামপলের বাউন্স, স্যামির সুইং বা নারাইনের রহস্য—কাজে লাগেনি কিছুই। আজ আইরিশ ব্যাটিংয়ের সঙ্গে এই বোলিংয়ের পরীক্ষার ফলই হয়তো নির্ধারক হবে জয়-পরাজয়ের। দুটি প্রস্তুতি ম্যাচই জিতে বিশ্বকাপ অভিযানে নেমেছিল আয়ারল্যান্ড। আর কেবল ইংল্যান্ডেরই প্রস্তুতি পর্বে ছিল এই কৃতিত্ব। কিন্তু আইরিশদের সেই অভিজ্ঞতা কাজে লাগেনি প্রথম ম্যাচে, অস্ট্রেলিয়ানদের কাছে স্রেফ উড়ে গেছে তারা। তবে সুপার এইটের হাতছানি আজ জাগিয়ে তুলতে পারে তাদের দৈত্য-বধ সত্তা। অস্ট্রেলিয়ানদের বিপক্ষে বিপর্যয়ে নেমে প্রতিরোধ গড়েছিলেন ও’ব্রায়েন ভাইরা। আজ শুধু প্রতিরোধ গড়লেই হবে না, কেভিন ও নিয়াল ও’ব্রায়েনকে আজ আবির্ভূত হতে হবে ম্যাচজয়ীর ভূমিকায়। আর বোলিংয়ে র্যা নকিন-জনস্টনদের চাওয়া থাকবে শুরুতেই গেইলকে ফেরানো। সহযোগী দেশগুলোর বর্ষসেরা ক্রিকেটার জর্জ ডকরেল প্রথম ম্যাচে ছিলেন নিষ্প্রভ। আজ ক্যারিবীয় ব্যাটসম্যানদের বেঁধে রাখতে বড় ভূমিকা রাখতে হবে এই বাঁহাতি স্পিনারকে। এসব সমীকরণ মেলালেও পরিষ্কার ফেবারিট ওয়েস্ট ইন্ডিজ। তবে পা হড়কালেই বিপদ—এই ভয়টাই কাল হতে পারে ক্যারিবীয়দের। ওয়েবসাইট।