গেইলদের ১৮৩ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

বেন স্টোকস প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন, আক্রমণাত্মক ইংল্যান্ডকে দেখবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফও পরামর্শ দিয়ে রেখেছিলেন, বিশ্বকাপে ভালো কিছু করতে হলে আক্রমণাত্মকই খেলতে হবে। বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্টোকসের প্রতিশ্রুতি আর ফ্লিনটফের পরামর্শ—দুটিই রাখার ইঙ্গিত দিচ্ছে ইংল্যান্ড। অন্তত ব্যাটিংয়ে। টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে রান করেছে এউইন মরগানের দল।
দুই ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলস ঝড়ের শুরুটা করে দিয়েছিলেন। মাত্র ৪.৩ ওভারেই ৩৭ রানের জুটি গড়ার পর আউট হয়ে যান রয়, অবশ্য তাঁর ইনিংসটা বাকিদের তুলনায় ‘ওয়ানডে’ গতির, ১৫ রান করেছেন ১৫ বলে। তবে এরপরই শুরু হয়েছে আসল ঝড়। হেলসকে সঙ্গে নিয়ে যার মূলে জো রুট। এ বছর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৪ ম্যাচে ৭৩০ রান তাঁর। ফর্মটা বেশ ভালোই ছিল। সেটি আজও টেনে নিলেন রুট। ৩৬ বলে করেছেন ৪৮ রান। সঙ্গী হেলস ২৬ বলে ২৮।
ইনিংসজুড়েই ওভারপ্রতি ৮-এর আশেপাশে রান তুলেছে ইংলিশরা। তবে সেটি আরও বেড়ে গেছে মরগান-বাটলাররা ক্রিজে আসার পর। চার-ছক্কার যেন বন্যা বয়ে গেছে। তিন ছক্কায় ২০ বলে ৩০ করেছেন জস বাটলার। মরগান তো আরও বিধ্বংসী। ১৪ বলে করেছেন ২৭ রান।
এত করেও যেন একটু কম মনে হচ্ছিল ইংল্যান্ডের রানটা। প্রতিপক্ষ দলেও গেইল-ব্রাভোদের টি-টোয়েন্টির সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যানরা আছেন! ইংলিশদের স্কোরটাকে শেষ দিকে এসে আরও একটু ‘নিরাপদ’ করার চেষ্টা করলেন বেন স্টোকস। ৭ বলে করেছেন ১৫ রান।
তবুও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, গেইলদের সামনে ১৮২ রান কি আসলেই নিরাপদ?