ইউরোর গনগনে উত্তেজনার মধ্যেও আজ সাউদাম্পটনের রোজ বোল দৃষ্টি কাড়বে আলাদাভাবে। বিশেষ করে বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আজ আবার মাঠে নামছেন ক্রিস গেইল।ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই বিস্ফোরক ওপেনার তাঁর সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন ২০১১ বিশ্বকাপে, ঢাকায় পাকিস্তানের বিপক্ষে। তার পর কোচ ওটিস গিবসন এবং বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গেইলের আন্তর্জাতিক ক্যারিয়ারটাই পড়ে গিয়েছিল সংশয়ের মুখে। অবশেষে বোর্ডের সঙ্গে ‘সমঝোতায়’ সংশয়ের মেঘ কাটতেই অপেক্ষার পালা, গেইল কবে নামছেন মাঠে? সেই অপেক্ষা শেষ হচ্ছে আজ। গেইলের ওয়ানডে রেকর্ড দুর্দান্ত, ২২৮ ম্যাচে ৮০৮৭ রান, গড় ৩৯.০৮। রোজ বোলে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের ‘অভিষেকও’ ওয়ানডে দিয়েই। আর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গেইল নিজেও এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত, ‘আমি একজন মানুষ। কাজেই আমিও কিছু স্নায়ুচাপে ভুগছি। তবে এখন আমি সত্যিই প্রথম ওয়ানডে ম্যাচটির অপেক্ষায় আছি। মানসিকভাবেও আমি ভালো বোধ করছি।’বিতর্ক, দ্বন্দ্ব—ঝামেলা সব পেছনে ফেলে সাবেক ক্যারিবীয় অধিনায়ক শুরু করতে চাইছেন নতুন করে। যেখানে আগের কোনো ঘটনাই প্রভাব ফেলবে না। কোচ ওটিস গিবসনের কণ্ঠেও গেইল-বন্দনা, ‘গেইল বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটসম্যান...সে দারুণ ফিট এবং এগিয়ে যাওয়ার জন্য উদগ্রীব।’গেইল থাকবেন সশরীরেই। কিন্তু ম্যাচে আজ না থেকেও থাকবেন কেভিন পিটারসেন। আচমকাই সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন পিটারসেন। কিন্তু গিবসন পিটারসেনকে নিয়েই ইংল্যান্ডের সঙ্গে নামলেন মনস্তাত্ত্বিক লড়াইয়ে। ওয়েস্ট ইন্ডিজ কোচ গেইলের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘লক্ষ্য করলে দেখবেন গেইল যখন দলের বাইরে ছিল, আমরা আমাদের সেরা খেলোয়াড়টিকে মিস করেছি। সেরা খেলোয়াড়টিকে হারানো অনেক বড় বিষয়। গত দুটি ওয়ানডে সিরিজে কেপি দারুণ খেলেছে এবং তাকে তারা ওপেনিংয়েও খেলিয়েছে।’ এএফপি।