গেইলের কথা ভেবে রোমাঞ্চিত কেপি
অধিনায়কের তিনি বড় ভরসা, ম্যাচ জেতার সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু প্রতিপক্ষের জন্য? ক্রিস গেইল মানে মূর্তিমান আতঙ্ক। কিন্তু আনন্দদায়ী ব্যাটিংয়ে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন গেইল, শঙ্কা-টঙ্কা উড়ে গিয়ে কেভিন পিটারসেনের কাছে বড় হয়ে উঠছে বিনোদন আর ক্রিকেটের বড় স্বার্থটাই। ইংলিশ ব্যাটসম্যানের মতে, চলতি সিরিজেই গেইল ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলে সেটা হবে দারুণ ব্যাপার!ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের ধারাবাহিক দুর্দশাই প্রশ্নটা আবার তুলে দিয়েছে। বোর্ডের সঙ্গে ঝামেলা মোটামুটি শেষ। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই নেওয়া হবে বাঁহাতি ওপেনারকে। তাহলে টেস্ট সিরিজেই কেন নয়! আইপিএলে সর্বোচ্চ রান গেইলের, কিন্তু তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। আগামীকাল শুরু হতে যাওয়া ট্রেন্টব্রিজ টেস্টে তাহলে কেন নেওয়া হবে না গেইলকে?ওটিস গিবসনরা এটা নিয়ে মাথা ঘামাতে না চাইলেও রোমাঞ্চিত পিটারসেন, ‘এই টেস্টে গেইল যদি সত্যি ফিরে আসে, সেটা হবে অসাধারণ। গেইল বিনোদনদায়ী ক্রিকেটার। আর লোকে চায় বিনোদন পেতে, ব্লক করতে দেখতে চায় না। গেইল হলো এমন একজন, লোকে গাঁটের পয়সা খরচ করে যার খেলা দেখতে আসবে। ও দলে ফিরলে সিরিজের জন্য সেটা হবে দারুণ। ও হলো মহাতারকা। আর ক্রিকেটে আমার ভালো বন্ধুদের একজন। ওর খেলার দর্শনটা আমার ভীষণ পছন্দ।’তবে পিটারসেনের আশা পূরণের সম্ভাবনা যে ক্ষীণ এটা পরিষ্কার ড্যারেন স্যামির কথায়, ‘দল নির্বাচনের দায়িত্ব নির্বাচকদের। আমি সর্বশেষ যা শুনেছি, ওকে (গেইল) শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাওয়া যাবে। টেস্টেও পাওয়া যাবে কিনা জানি না। যদি পাওয়া যায়, তাহলে নির্বাচকেরা অবশ্যই জানবে এবং করণীয়টাও তাঁদের জানা আছে।’ ২০১১ বিশ্বকাপের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে গেইল। সর্বশেষ টেস্ট খেলেছেন আরও আগে, ২০১০ সালের ডিসেম্বরে। টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে এতটাই আলোড়ন তুলে ফেলেছেন যে অনেকেই ভুলে যান, টেস্ট ক্রিকেটেও দুটো ট্রিপল সেঞ্চুরি আছে গেইলের! ওয়েবসাইট।