গেইলের কাছেই হারল পুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৬ বলে অপরাজিত ১৭৫ রান—১৩ চার, ১৭ ছয়। ক্রিস গেইলের ‘অতিমানবীয়’ ব্যাটিংয়ের ওপর ভর করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ২৬৩ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে বেঙ্গালুরুর সংগ্রহের কাছাকাছি তো নয়ই, গেইলের একা করা রানও করতে পারেনি প্রতিপক্ষ পুনে ওয়ারিয়র্স।২৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১৩৩ রান করতে সক্ষম হয় পুনে ওয়ারিয়র্স। আইপিএলে দিনের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর জয় ১৩০ রানে।পুনের কোনো ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন স্টিফেন স্মিথ। এ ছাড়া মিচেল মার্শ ২৫, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৮ ও যুবরাজ সিং ১৬ রান করেন। বেঙ্গালুরুর হয়ে তিনটি করে উইকেট নেন রবি রামপাল, জয়দেব উনাদকাত ও ক্রিস গেইল।প্রথমে ব্যাট করা বেঙ্গালুরুর সব আলো ছিল গেইলের ওপর। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ১৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান (৩৬ বলে) করেন তিলকরত্নে দিলশান। মাত্র ৮ বলে ৩১ রান করেন ডি ভিলিয়ার্স। গেইল-দিলশানের উদ্বোধনী জুটিতে ১৬৭ রানের দেখা পায় বেঙ্গালুরু।ম্যাচটি ছিল রেকর্ডময়। কৃতিত্বটা অবশ্যই ক্রিস গেইলের। নিজে তিনটি রেকর্ড গড়েছেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি (৩০ বলে) গড়েন তিনি। তাঁর ১৭৫ রানের ইনিংস টি-টোয়েন্টির ব্যক্তিগত সর্বোচ্চ। আজকের আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৭টি ছক্কাও কেউ হাঁকাতে পারেননি। ম্যাচের শেষ রেকর্ডটি শুধু গেইলের নয়। গেইলের ব্যাটে চড়েই টি-টোয়েন্টির এক ইনিংসে ২৬৩ রান করার রেকর্ড গড়ে তাঁর দল বেঙ্গালুরু। সূত্র: ক্রিকইনফো।