গেইলের জবাব
পাকিস্তানের কাছে যাচ্ছেতাই হারের পর ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন দায় চাপিয়েছিলেন দলের সিনিয়র খেলোয়াড়দের ওপর। পাল্টা জবাব দিতে ২৪ ঘণ্টাও দেরি করলেন না দলের সাবেক অধিনায়ক। গতকাল ঢাকা থেকেই টুইটারে কোচের সমালোচনার জবাব দিয়েছেন গেইল। ওয়েবসাইট।ব্যর্থতার জন্য গেইল প্রথমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তারপরই বিদ্রূপের সুরে বলেছেন, ‘সিনিয়র ক্রিকেটারদের দোষ দেওয়াটা সহজ। কিন্তু সত্যটা স্বীকার করে নেওয়া কঠিন! আমাকে অভিশাপ দিন, দোষ দিন!!’পরশু মিরপুরে মাত্র ১১২ রানে গুঁড়িয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে হারে পাকিস্তানের কাছে। আগামী এপ্রিলে এই পাকিস্তানের বিপক্ষেই গেইলদের হোম সিরিজ। লজ্জাজনক পরাজয়ের পর হতাশ গিবসন বলেছিলেন, পাকিস্তান সিরিজের আগেই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে ‘কড়া সিদ্ধান্ত’ নিতে হবে। গিবসনের এই ‘কড়া সিদ্ধান্ত’ যে দল থেকে সিনিয়র ক্রিকেটারদের সময় থাকতে ছেঁটে ফেলার পরামর্শ, সেটি তো গেইল বুঝেছেনই।