গেইলের ভাগ্য নির্ধারণ রোববার
ইংল্যান্ড সফরে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরতে প্রস্তুত আছেন ক্রিস গেইল। নমনীয় অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও। তাহলে কি বার্মিংহাম টেস্টেই দেখা যাবে ক্যারিবীয় এই বিধ্বংসী ব্যাটসম্যানকে? উত্তর জানা নেই গেইলের।গেইল জানিয়েছেন, সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দলের হয়ে খেলতে তিনি প্রস্তুত আছেন। তবে ফেরা-না ফেরা নির্ভর করছে তাঁর সঙ্গে বোর্ডের বৈঠকের ওপর।দলে ফিরতে হলে গেইলকে বৈঠকে বসতে হবে—এ মাসের দ্বিতীয় সপ্তাহে শর্তটি জুড়ে দেয় বোর্ড। বৈঠকের জন্য সুবিধাজনক সময়ও গেইলকে জানাতে বলা হয়েছিল। সমঝোতার এ বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী রোববার।স্থানীয় একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারে গেইল বলেছেন, ‘আমি ঠিক জানি না, নির্বাচকেরা আমাকে দলে রাখবেন কি না। তবে, ৩ জুন আমি বোর্ডের সঙ্গে আলোচনায় বসব। টেস্ট মাঠে গড়াবে ৭ জুন। তাই কী হবে জানি না।’রোববারের ওই বৈঠকে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও অ্যান্টিগা ও বার্মুডার প্রধানমন্ত্রী ব্যাল্ডউইন স্পেনসার এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের প্রধানমন্ত্রী র্যালফ গঞ্জালভেসের উপস্থিত থাকার কথা রয়েছে।বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে এবার নিজ থেকে উদ্যোগটা নিয়েছিলেন বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা গেইল। এ মাসের গোড়ার দিকে সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে গেইল জানিয়ে দেন, দেশের হয়ে খেলতে চান তিনি। তাঁর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন দলের কোচ ও অধিনায়ক। কিন্তু আবারও বৈঠকের ওপরই জোর দেয় বোর্ড।বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় দলের হয়ে খেলতে গেইল নিশ্চয়তা দেওয়ায় বোর্ড সন্তুষ্ট। কিন্তু এর আগে দুই পক্ষের মধ্যে কিছু বিষয়ের বোঝাপড়া নিয়ে বৈঠকের প্রয়োজন।গত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন গেইল। এক সাক্ষাত্কারে গেইল বোর্ডের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, আহত থাকা অবস্থায় তাঁর খোঁজ নেননি বোর্ডের কেউ। ওই সাক্ষাত্কারে কোচ এবং অধিনায়কেরও কঠোর সমালোচনা করেন গেইল।গেইলের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আলোচনায় বসা ও ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত জাতীয় দল দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে দেওয়া হবে না গেইলকে। তবে ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না বলে সাফ জানিয়ে দেন গেইল। আলোচনায় অবশ্য তিনি বসেছিলেন। কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। সূত্র: ওয়েবসাইট।