গেইলের সামনে এবার শ্রীলঙ্কা

প্রশ্ন শুধু একটাই। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে যে প্রশ্নের জবাব খুঁজে বেড়াতে হয় প্রতিটি দলকে। ক্রিস গেইলকে থামানোর উপায় কী? ইংল্যান্ড উপায় খুঁজে পায়নি। পায়নি বলেই মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছে এউইন মরগানের দলকে। জবাব আছে শ্রীলঙ্কার কাছে? বেঙ্গালুরুতে আজ দুই দল মুখোমুখি হওয়ার আগে এ প্রশ্নটাই ঘুরেফিরে আসছে।
জবাব খুঁজতে থাকা শ্রীলঙ্কাকে যিনি কিছুটা আশার আলো দেখাতে পারতেন, সেই লাসিথ মালিঙ্গা চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। তাঁর অনুপস্থিতিতে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের সমস্যা তাতে আরেকটু বেড়েছে, এতেও কোনো সন্দেহ নেই। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেও তাই মোটেও নির্ভার থাকতে পারছে না শ্রীলঙ্কা।
৮ বার মুখোমুখি হয়ে ৬ ম্যাচেই জিতেছে শ্রীলঙ্কা। এর ৫টিই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখাচ্ছে ক্রিস গেইল নামে এক অতিমানবের ফর্ম। ১৮২ করেও সেদিন ইংল্যান্ড ১১ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটে হারল তো গেইলের ৪৮ বলে অপরাজিত ১০০ রানের তাণ্ডবের কারণে। কেউ এমন ফর্মে থাকলে অতীত রেকর্ড-টেকর্ড গুরুত্বহীন হয়ে যায়!
গেইল-ফ্যাক্টর বাদ দিয়ে হিসাব করলে দুই দলই থাকে একই সমতলে। দিলশান, চান্ডিমাল ও ম্যাথুসকে নিয়ে শ্রীলঙ্কান ব্যাটিং লাইনআপ ততটাই দুর্দান্ত, যতটা ব্রাভো, স্যামুয়েলস আর রাসেলের ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার যদি ম্যাথুসের মতো অলরাউন্ডার থাকে, তাহলে ওয়েস্ট ইন্ডিজেরও আছে ড্যারেন স্যামি। মালিঙ্গা না থাকায় শ্রীলঙ্কার বোলিং কিছুটা ধার হারালেও বৈচিত্র্যের অভাব নেই। ওদিকে ওয়েস্ট ইন্ডিজের বড় শক্তি আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে মিতব্যয়ী বোলার স্যামুয়েল বদ্রি।
তবে এসবই আসলে ম্যাচের আগের হিসাব-নিকাশ। ব্যাট হাতে গেইল নামার পর এসব হিসাব-নিকাশ খুব কমই মেলে!