গেইলের সুমতি!
অবশেষে বরফ গলতে শুরু করেছে। ক্রিস গেইল মান ভেঙে রাজি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে। মঙ্গলবার তাঁর নেওয়া এ সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ দলে এই ড্যাশিং ব্যাটসম্যানের ফেরার পথ সুগম হলো।গেইল কিছুদিন আগে একটি ক্যারিবীয় রেডিওতে সাক্ষাত্কার দিয়েছিলেন। সেখানে তিনি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তাঁর প্রতি অবহেলার অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, ইনজুরিতে আক্রান্ত হওয়া সত্ত্বেও ক্রিকেট বোর্ড তাঁর চিকিত্সার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি তিনি কোচ ওটিস গিবসন ও অধিনায়ক ড্যারেন স্যামির বিরুদ্ধেও কথা বলেন। উইন্ডিজ বোর্ড তাঁর এই মন্তব্যগুলোকে প্রত্যাখ্যান করে তাদের ওয়েবসাইটে এ ব্যাপারে দালিলিক প্রমাণাদিও উপস্থাপন করে। গেইলের প্রতি সমন জারি করা হয়। বলা হয়, বোর্ডের সঙ্গে আলোচনায় বসা ছাড়া তিনি কোনো আঞ্চলিক দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন না। কেবল তাই নয়, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও তিনি বোর্ডের অঘোষিত নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি।ক্রিস গেইল এখন বোর্ড কর্মকর্তা ও ক্রিকেট দলের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সবার সঙ্গেই আলোচনায় বসবেন।ক্যারিবীয় ক্রিকেটারদের সংগঠন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি দীননাথ রাম নারায়ণ অবশ্য এ ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘প্লেয়ার্স অ্যাসোসিয়েশন পুরো ব্যাপারটির দিকে দৃষ্টি রাখছে।’ ওয়েবসাইট।