গেইলের সেঞ্চুরিতে এবার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ক্রিস গেইল l রয়টার্স
সেঞ্চুরির পর ক্রিস গেইল l রয়টার্স

ক্রিস গেইল যখন অমন রুদ্রমূর্তি ধারণ করেন, তাঁকে বোলিং করাটা দুনিয়ার সবচেয়ে কষ্টসাধ্য কাজগুলোর মধ্যে একটি। পরশু মুম্বাইয়ে আদিল রশিদ-বেন স্টোকসদের মুখ বুজে সেই যন্ত্রণাই সহ্য করতে হলো। নিজেদের তূণে থাকা সবচেয়ে ভালো তিরটি ছুড়েও বারবার ছক্কা খেতে কারই বা ভালো লাগবে?
নিজের দিনে গেইলের সামনে প্রতিপক্ষের বোলিং সব সময়ই অসহায়। ইংল্যান্ডের দুর্ভাগ্য, পরশু ‘মুডে’ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেটিই প্রথম সেঞ্চুরি। কিন্তু সে ম্যাচে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনেক উৎসব হয়েছে ক্যালিপসোর সুরে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে গেইলের সেঞ্চুরির উৎসবটা বাকি থেকে গিয়েছিল। সেই উৎসব কাল করলেন ইংল্যান্ড ম্যাচে, ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত থেকে গেলেন। তাতে ইংল্যান্ডের ১৮২ রানও মামুলি হয়ে গেল।
১১টি ছক্কা, চার মাত্র ৫টি—ওয়াংখেড়ের দর্শকদের হয়তো একটু আক্ষেপ থেকে গেছে। কেন যে ইংল্যান্ড আর কিছু রান বেশি করল না! টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি তো হয়েছেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রেন্ডন ম্যাককালামের ৯১ ছক্কার রেকর্ড পেরিয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়ে ফেলেছেন গেইল (৯৮টি)। কিন্তু ওসব রেকর্ড আলাদা ব্যাপার, গেইল আরও কিছুক্ষণ খেলতে পারলে যে ভয়ংকর ব্যাটিং সৌন্দর্য খানিকটা বেশি সময় ধরে উপভোগ করা যেত!
৩৬ বছর বয়সী ক্যারিবীয় ওপেনার নিজের জীবনের মতো ব্যাটিংয়েও সব সময়ই আমুদে। আগের রাতে পার্টি করে এসে খেলতে নেমেছিলেন, পরশু মাঠেও চলেছে গেইলের ‘পার্টি’। এখানে নাচলেন শুধু দর্শকেরা। ব্যাটিংয়ের সময় গেইলের মধ্যে ওই বিনোদনের ব্যাপারটাই কাজ করছিল, ‘ম্যাচের আগে বেন (সুলেমান বেন) আমাকে বলেছিল, ব্যাটিংয়ে ওকে বিনোদন দিতে। ওটাই আমাকে প্রভাবিত করেছে। আমিও তো তা-ই চাই, বিশ্বজুড়ে দর্শকদের বিনোদন দিয়ে যেতে।’ তবে দলকে জিতিয়ে আসতে পারার তৃপ্তিও ছিল গেইলের সঙ্গী, ‘রানরেটে এগিয়ে থাকতে চেয়েছিলাম। ম্যাচটা শেষ করে এসেছি, এটাই তৃপ্তির। অন্য কারও জন্য কাজটা ফেলে রাখিনি।’
গেইলের কল্যাণে বিশ্বকাপে জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই তৃপ্তিতেই কিনা কোচ ফিল সিমন্স গেইলকে দিয়ে দিলেন অনেক বড় এক স্বীকৃতি, ‘বিস্ফোরক ব্যাটিংয়ের বিচারে গেইল অনেকটা রিচার্ডসের সমতুল্য।’
ভিভ রিচার্ডসের সময় টি-টোয়েন্টির জন্ম হয়নি। জন্ম হলে টি-টোয়েন্টিতে কতটা বিস্ফোরক তিনি হতেন, সে শুধুই কল্পনার ব্যাপার। তারপরও ভিভের সঙ্গে তুলনা হওয়ায় গেইলই একটু রোমাঞ্চিত হননি? সূত্র: আইবিএন।