গেকে পাত্তা দিচ্ছেন না বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোল্টকে হারিয়ে এবং ১০০ মিটারে বছরের সেরা টাইমিং করে আলোচনায় টাইসন গে। কেউ বলছে, পুনর্জাগরণ হয়েছে টাইসন গের ক্যারিয়ারের। কেউ বলছে, বোল্টের আধিপত্যের দিন শেষ। কিন্তু যাঁর সাম্রাজ্যের পতন বলে এত শোরগোল সেই উসাইন বোল্ট বিষয়টিকে তেমন পাত্তাই দিচ্ছেন না। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী গের কাছে হার তাঁকে নাকি এতটুকু বিচলিত করেনি।সেই যে বেইজিং অলিম্পিক ২০০৮ দিয়ে অ্যাথলেটিকস ট্র্যাকে বোল্ট-রাজত্বের শুরু, তার পর থেকে বোল্টের ট্র্যাকে নামা মানেই তাঁর জয়জয়কার বলে ধরে নিয়েছিল অ্যাথলেটিকস দুনিয়া। অবশেষে হারলেন উসাইন বোল্ট। এ মাসেরই ৬ তারিখে ডায়মন্ড লিগের স্টকহোম মিটের ১০০ মিটারে বোল্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন টাইসন গে। গের টাইমিং ছিল ৯.৮৪ সেকেন্ড, পুরো ফিট না থাকা বোল্ট গের পেছনে থেকে দৌড় শেষ করলেন ৯.৯৭ সেকেন্ডে। মাত্রই এক সপ্তাহ পর ডায়মন্ড লিগের লন্ডন মিটে ইনজুরির সংশয়ে মাঠেই নামেননি বোল্ট। বছরের সেরা টাইমিং করে আবারও ১০০ মিটার জিতলেন ২৮ বছর বয়সী আমেরিকান। দৌড় শেষ করেছেন ৯.৭৮ সেকেন্ডে। গের এই সাফল্যকে অনেকেই দেখছে তাঁর পুনর্জাগরণ রূপে। কিন্তু বোল্টের তাতে সায় নেই।চোট নেই। তবে এ বছরেই আর ট্র্যাকে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন বোল্ট। আগামী বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসবে দক্ষিণ কোরিয়ায়। বোল্ট প্রত্যাশার দৃষ্টি মেলে তাকিয়ে আছেন সেই দিকে। এ বছরটি যে তাঁর হবে না এটা নাকি জানতেন জ্যামাইকান বিদ্যুৎ, ‘না, (হেরে যাওয়ায়) আমি মোটেও অবাক হইনি। এটা স্রেফ একটা হার। এবং আমি শুরু থেকেই বলে আসছি, ২০১০ সালটি আমার জন্য হতে যাচ্ছে সাধারণ একটা বছর। যদি কেউ আমাকে ধাওয়া করতে চায়, সেটি এ বছরেই।’ বোল্টের ভবিষ্যদ্বাণী ফলে গেছে। তাঁকে হারিয়ে দেওয়া গে-ই নিজের করে নিয়েছেন ২০১০ সালটি। ২০১১ সালের আগে ট্র্যাকে নামবেন না অলিম্পিক ডাবল স্প্রিন্ট চ্যাম্পিয়ন। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ধরে রাখার প্রত্যয়ে শিগগিরই নিজেকে কঠোর অনুশীলনে আটকে ফেলবেন অ্যাথলেটিকসের বিস্ময়, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে অক্টোবরের প্রথম সোমবার থেকেই কঠোর পরিশ্রম শুরু হবে আমার।’ এএফপি।