গেটাফের বিপক্ষে অনিশ্চিত মেসি
লিওনেল মেসির ফিটনেস নিয়ে সংশয় রয়েছে টিটো ভিলানোভার। লা লিগায় আজ শনিবার রাতে গেটাফের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচের আগে আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে কথা বলবেন বার্সা কোচ। এর পরই ভিলানোভা সিদ্ধান্ত নেবেন, মেসিকে খেলানো হবে কি না।মেসির ফিটনেস নিয়ে ভিলানোভার সংশয় জাগার কারণ, গত বুধবার অনুষ্ঠিত পেরুর বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ওই ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থাকেন মেসি। কিন্তু গোলের দেখা পাননি। ১-১ গোলের ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ম্যাচ শেষে অধিনায়ক মেসি অভিযোগ করেছিলেন, পেরুর ফুটবলারদের বাধার কারণে নিজেদের মতো করে খেলতে পারেননি তাঁরা।স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে ভিলানোভা বলেছেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। ও জানিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাচের আগে আমি আবারও ওর সঙ্গে কথা বলব। মেসি কেমন অনুভব করছে, এটার ওপর গেটাফের বিপক্ষে ওর খেলা নির্ভর করছে। ওর সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেব, কী করতে হবে।’গোল ডটকম জানায়, গত ডিসেম্বরে পা ভেঙেছিল স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়ার। ইনজুরি থেকে ফিরে এসে মাঠে নামার মতো তিনি প্রস্তুত। কিন্তু বার্সার ম্যানেজার জানান, ভিয়াকে মাঠে নামানো নিয়ে তাড়াহুড়ো করবেন না তিনি। ভিলানোভা বলেন, ‘ভিয়া খেলার জন্য প্রস্তুত। ও হয়তো শিগগিরই মাঠে নামবে। কিন্তু ওকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাই না আমরা।’লা লিগায় এখন পর্যন্ত তিনটি ম্যাচে অংশ নিয়েছে বার্সা। জয় এসেছে তিনটিতেই। ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভিলানোভার দল। অন্যদিকে শিরোপার লড়াইয়ে বার্সার মূল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের তিন ম্যাচে অর্জন মাত্র ৪ পয়েন্ট। পয়েন্টতালিকায় গত মৌসুমের শিরোপাজয়ী রিয়ালের অবস্থান ১১তম। তবে ভিলানোভা জানিয়েছেন, রিয়ালের চেয়ে বার্সার পাঁচ পয়েন্টে এগিয়ে থাকা নিয়ে ভাবছেন না তিনি। তাঁর ভাবনা নিজেদের পারফরম্যান্স নিয়ে।ভিলানোভা বলেন, ‘কী করতে পারি, এটা নিয়েই ভাবনা আমাদের। আমরা ৯ পয়েন্ট অর্জন করেছি। কিন্তু এখনো অনেক ম্যাচ পড়ে আছে। ব্যবধানটা বেশি নয় মোটেই। আমাদের লক্ষ্য, প্রতিটি ম্যাচে জয় পাওয়া। আমি মনে করি না, অনেক এগিয়ে আছি আমরা। সেটা ভাবার সুযোগও নেই। গেটাফের বিপক্ষে কঠিন ম্যাচটা পাড়ি দিতে হবে।’