গেমস উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি
দুয়ারে কড়া নাড়ছে ১২তম এসএ গেমস। আগামী ৫-১৬ ফেব্রুয়ারি ভারতের শিলং ও গুয়াহাটিতে হচ্ছ দক্ষিণ এশিয়ার ‘অলিম্পিক’ খ্যাত এই গেমস। ১২ দিনের ক্রীড়াযজ্ঞের জন্য প্রস্তুত দুটি শহর, ১৭টি ভেন্যু ও ২ হাজার ৫০০ স্বেচ্ছাসেবক। দুই বছর পর এই গেমস হওয়ার কথা থাকলেও ছয় বছর পর ভারতে বসছে এটি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিষেধাজ্ঞা কাটিয়ে স্বাগতিক হিসেবে কতটা তৈরি ভারত, সেটি জানাতেই কাল থেকে নিজেদের প্রচারণা শুরু করেছে ভারতীয় অলিম্পিক কমিটি। সাতটি গ্রুপে ভাগ হয়ে সাত দেশে নিজেদের প্রস্তুতির কথা জানানোর উদ্যোগ নিয়েছে আয়োজকেরা। তারই ধারাবাহিকতায় কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিলনায়তনে সংবাদ সম্মেলন করল ভারতীয় প্রতিনিধিদল।
৫ ফেব্রুয়ারি গুয়াহাটিতে গেমসের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ৬ ফেব্রুয়ারি শিলংয়ে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান হবে, যেখানে থাকবেন শুধু খেলোয়াড় ও কর্মকর্তারা।