গেমস মানে তো উৎসবও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেমস মানে মহামিলন। গেমস মানে উৎসবও। বাংলাদেশে এই মিলনমেলার জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এ দেশের ক্রীড়াঙ্গন সারা বছর বলতে গেলে ঝিমোয়। একটা গেমস এসেই ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলে। গেমসের মাহাত্ম্য কত বড়, এ থেকেই বোঝা যায়।বাংলাদেশ গেমস আবার তার সব মহিমা নিয়ে হাজির। ১১ বছর ১ মাস ১ দিন পর হচ্ছে বলে এটি আরও বেশি করে সুবাস ছড়াচ্ছে। সবচেয়ে বড় কথা, গেমসের জন্য অপেক্ষাটা অবশেষে ফুরোল। আজই অষ্টম বাংলাদেশ গেমসের উদ্বোধন।প্রতিটি খেলায় জাতীয় চ্যাম্পিয়নশিপের একটা মিলিত রূপই আসলে এই গেমস। সব ফেডারেশনই প্রতিবছর জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করে, সব কটি একসঙ্গে আয়োজন করাতেই এটি বিশাল হয়ে ওঠে। ‘হদয়ে খেলার স্পন্দন’ স্লোগান নিয়েছে এবারের বাংলাদেশ গেমস, কাঠবিড়ালিকে মাসকট বানিয়ে তা চলবে আজ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত।গতকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু হয়েছে মশালদৌড়। ওই শোভাযাত্রায় ছিলেন মিলজার হোসেন, শামীমা সাত্তারসহ ১০ জন সাবেক অ্যাথলেট। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মশাল প্রজ্বালন করবেন সাবেক কৃতী হকি খেলোয়াড় জুম্মন লুসাই। খেলার সংখ্যা, অর্থ ব্যয়, আয়োজন—সব মিলিয়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় গেমস। সর্বশেষ ২০০২ সালে আয়োজিত গেমসের চেয়ে ৬টি বেড়ে এবার মোট খেলা ৩১টি। ৩৪৬টি সোনার জন্য লড়াই। ক্রীড়াবিদ ৬৮৫৫। যদিও ক্রীড়াবিদের সংখ্যা চূড়ান্ত হয়নি। এটি কখনো বাড়ছে, কখনো কমছে।বাংলাদেশ গেমসটা মাঠে নেমেই স্বস্তি দিচ্ছে ক্রীড়াঙ্গনকে। যদিও আয়োজন নিয়ে অনেক কথা আছে। আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে চাইছে। যে কারণে ২১ কোটি ৭৪ লাখ টাকার গেমসের ৮ কোটি টাকাই চলে যাচ্ছে উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের পেছনে।খেলোয়াড়দের জন্য থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা হয়নি। ঢাকার বাইরের খেলোয়াড়েরা দৈনিক খাওয়া খরচ পাচ্ছেন মাত্র ৪০০ টাকা, থাকার জন্য ৩৫০ টাকা। গাদাগাদি করে বিভিন্ন জায়গায় থাকছেন খেলোয়াড়েরা। কষ্ট স্বীকার করেও তাঁরা অংশ নিচ্ছেন গেমসটা হওয়ার স্বার্থেই। ঘরে বসে থাকার চেয়ে খেলার সুযোগ তো পাওয়া গেল। আর এ জন্যই বঙ্গবন্ধু স্টেডিয়ামপাড়ায় কয়েক হাজার খেলোয়াড় গলায় গেমসের কার্ড ঝুলিয়ে হাঁটছেন, ঘুরছেন। স্টেডিয়ামের ভেতরে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি, ব্যানার-ফ্যাস্টুন-প্ল্যাকার্ডে সয়লাব বাইরের অংশটা।এটা যে বাংলাদেশের ‘অলিম্পিক গেমস’ সেটি বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় এলে ভালোই টের পাওয়া যাচ্ছে। ১৯৭৮ সালে শুরু হয়েছিল এই গেমস, নাম ছিল ‘বাংলাদেশ অলিম্পিক গেমস’। ’৮৪ সালে দ্বিতীয় আসরেই নাম পাল্টে হয় বাংলাদেশ গেমস। চার বছর পর আয়োজিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ গেমস পথ হারিয়েছে গত দশকে। অনেকে তো এই গেমসের কথা ভুলতেই বসেছিলেন।খেলোয়াড়েরা ভোলেননি। তাঁরা শুধু অপেক্ষাই করে গেছেন। খেলোয়াড়দের সেই হারিয়ে যাওয়া গেমস ফিরিয়ে এনেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গত ২৮ নভেম্বর বিওএর এই কমিটি নির্বাচিত হয়ে পূর্ববর্তী কমিটির ধারাবাহিকতায় গেমস আয়োজনের উদ্যোগ নেয়। তারই ফলে ঢাকা এখন দেশের সব ক্রীড়াবিদের মিলনমেলা।সবার দৃষ্টি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেই। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা ৭টায় আসবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তিনি আসার পরই মূল আয়োজন শুরু হবে। বিকেল পৌনে পাঁচটা থেকে চলবে ব্যান্ড সংগীত। তারপর আতশবাজির রোশনাই—গেমসের সবচেয়ে বড় আকর্ষণ।এরই রেশ নিয়ে উৎসব-আনন্দে কাটুক কয়েকটা দিন, গোটা ক্রীড়াঙ্গনেরই এই প্রত্যাশা।