গেমস-যাত্রার আগে উপলব্ধি!
গত দিল্লি কমনওয়েলথ গেমসে শ্যুটিং থেকে ‘সবেধন নীলমণি’ একটি ব্রোঞ্জ পদক আনতে পেরেছে বাংলাদেশ। আসন্ন এশিয়ান গেমসে পদক আসে সেটাই এখন দেখার। আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের যে কোনো বিকল্প নেই, সেটা যেন এশিয়ান গেমস-যাত্রার দিন কয়েক আগে বুঝতে পারলেন কর্মকর্তারা!তাই আসন্ন এশিয়ান গেমসের জন্য চীনে যাওয়ার আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জোর দিলেন নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের বিষয়টিতে। কাল কুর্মিটোলা গলফ ক্লাবে এশিয়াডগামী বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, ‘আগামী বছর থেকে প্রতিটি খেলায় প্রতিভা অন্বেষণ কর্মসূচি নেওয়া হবে এবং খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অনুশীলন কার্যক্রম নিয়মিত হবে।’আগামী ১২ নভেম্বর চীনের গুয়াংজু শহরে শুরু হচ্ছে ১৬তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশ থেকে অ্যাথলেটিকস, ভারোত্তোলন, কারাতে, তায়কোয়ান্দো, বক্সিং, কাবাডি, আর্চারি, সাঁতার, শ্যুটিং, ক্রিকেট, ফুটবল, হকি, গলফ, উশু, দাবা ও বিলিয়ার্ড—এই ১৬টি খেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ২২৭ জন খেলোয়াড়।আগামী ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে ৪টি ভাগে ভাগ হয়ে চীনে যাবে বাংলাদেশ দল। এবার বাংলাদেশ দলের শেফ দ্য মিশন হয়েছেন মেজর জেনারেল আসহাব উদ্দিন।