গেমসের মশাল জ্বালাবেন জুম্মন লুসাই
প্রতিটি গেমসেরই ঘোমটা খোলার আগের সর্বাধিক আকর্ষণীয় বিষয়টি মশাল প্রজ্বালন। মূল ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ গেমসের মশাল কে জ্বালাবেন, সেটা নিয়ে তাই ক্রীড়াঙ্গনে কয়েক দিন ধরে ছিল জল্পনা-কল্পনা। কাল আনুষ্ঠানিকভাবে সেটা জানিয়ে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। অষ্টম বাংলাদেশ গেমসের মশাল জ্বালাবেন সাবেক হকি তারকা জুম্মন লুসাই।ঢাকায় সর্বশেষ এসএ গেমসে মশাল প্রজ্বালন করেছিলেন সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন। আর ‘বাংলাদেশের অলিম্পিক’ গেমসের মশাল জ্বলবে জুম্মন লুসাইয়ের হাত ধরে। সাবেক হকি খেলোয়াড়কে বেছে নেওয়ার কারণটাও ব্যাখ্যা করলেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ, ‘বাংলাদেশের হয়ে বিশ্ব একাদশে খেলা একমাত্র হকি খেলোয়াড় তিনি। এ ছাড়া দেশের মূল জনস্রোতের বাইরের একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছেন জুম্মন লুসাই। এ জন্য তাঁকেই বেছে নিয়েছি।’ জুম্মন লুসাই ১৯৮৫ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন বিশ্ব একাদশের হয়ে।গর্বের সংবাদে রোমাঞ্চিত জুম্মন বললেন, ‘খবরটা শোনার পর থেকেই ভালো লাগছে। কিছুদিন আগে হকি ফেডারেশনের ৪০ বছর পূর্তিতে আজীবন সম্মাননা পেয়েছি। এবার মশাল জ্বালাব। এতটা আসলে ভাবিনি। আমাকে বেছে নেওয়ার জন্য বিওএকে ধন্যবাদ।’১৯ এপ্রিল সাভার স্মৃতিসৌধ থেকে প্রজ্বালিত মশাল আসবে সাবেক অ্যাথলেট মিলজার হোসেনের হাত ধরে। এরপর সাবেক কৃতী খেলোয়াড়দের ১০ জনের দলটি মশাল নিয়ে আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। ৩৬ জনের হাত ঘুরে সেটি ২০ এপ্রিল আসবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সব শেষে সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার (মিমু), শ্যুটার সাবরিনা সুলতানা, সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও সাঁতারু উইং কমান্ডার রফিকুল ইসলামের হাত ঘুরে এটি উঠবে জুম্মন লুসাইয়ের হাতে। গেমসের শপথবাক্য পড়াবেন দ্রুততম মানব মোহন খান ও মানবী নাজমুন নাহার (বিউটি)।খেলার মাঠের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার দৌড়, সাধারণত যেটি শেষ দিকে হয়। কিন্তু এবার অ্যাথলেটিকসের ইভেন্টগুলো শুরুতে নাকি শেষে হবে, তা নিয়ে দোটানায় পড়েছেন আয়োজকেরা। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদকের ইচ্ছা, গেমসের শুরুতেই হোক অ্যাথলেটিকস। কিন্তু বিওএ থেকে বলা হচ্ছে, এটি শেষ দিকেই হতে পারে। দ্বিধান্বিত সমন্বয় কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান (মানু) বললেন, ‘গেমসের শেষ দিকে আমরা গুরুত্বপূর্ণ ইভেন্ট রাখার কথা ভাবছি। সেটা ফুটবলের ফাইনালও হতে পারে, আবার ১০০ মিটারও হতে পারে।’ হ্যান্ডটাইমিংয়েই অ্যাথলেটিকস হবে, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস ইলেকট্রনিক টাইমিংয়েরই আশা করেন, ‘আশা করছি, গেমসে ইলেকট্রনিক স্কোরবোর্ড থাকবে।’ তবে দুঃখজনক যে, সাঁতারে থাকবে হ্যান্ডটাইমিং। সমন্বয় কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান বললেন, ‘সুইমিং পুলের স্কোরবোর্ড নষ্ট। আপাতত সেটা মেরামত করা যাচ্ছে না।’