গের এমন শোক!

নিজে সর্বকালের সেরা দৌড়বিদদের একজন। মেয়েও হাঁটছিল বাবার পথে। বাবা যে স্কুল থেকে এসেছিলেন, সেই লাফায়েত হাইস্কুলের সেরা দৌড়বিদদের একজন ছিল সে। কেনটাকির ১০০ মিটার মেয়েদের ফাইনালে গত বছর চতুর্থও হয়েছিল। কিন্তু ঘাতক বুলেট কেড়ে নিল ১৫ বছর বয়সী ট্রিনিটি গের প্রাণ, হঠাৎ করেই জীবনটা তছনছ হয়ে গেল টাইসন গের।
পরশু যুক্তরাষ্ট্রর কেনটাকিতে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। ভোরবেলায় একটি রেস্তোরাঁর পার্কিং লটের বাইরে দাঁড়িয়ে ছিল ট্রিনিটি, হঠাৎ শুরু হওয়া দুটি পক্ষের বন্দুকযুদ্ধের সময় গুলি এসে লাগে তার গায়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায় প্রাণটা চলে গেছে আগেই।
ওই ঘটনার পর এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকযুদ্ধে তিনজনই জড়িত ছিলেন। হয়তো ঘটনার বিচার হবে, কিন্তু গে যা হারিয়েছেন সেটা তো আর ফিরে পাবেন না। অলিম্পিকে কখনো পদক না জেতা সেরা দৌড়বিদ গেকে সমবেদনা জানিয়েছেন অনেকেই। ত্রিনিদাদের সাবেক দৌড়বিদ অটো বোল্ডন টুইট করেছেন, ‘টাইসন গে ও পরিবারের জন্য আমার সমবেদনা।’ যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ড কমিটিও সমবেদনা জানিয়েছে গেকে। এএফপি।