গের কাছে বোল্টের হার!
আসাফা পাওয়েল নেই। উসাইন বোল্ট ও টাইসন গের মধ্যে গতির ঝড়ে কে এগিয়ে থাকবেন? একমুহূর্ত চিন্তা না করে উত্তরে আসবে বোল্টের নাম। গতির ঝড়ে মহাবিশ্বের দ্রুততম মানবকে হারাবেন এ সাধ্য কার আছে? সেই অসাধ্যই সাধন করেছেন টাইসন গে। অবিশ্বাস্য হলেও সত্যি—স্টকহোম ডায়মন্ড লিগে যুক্তরাষ্ট্রের গের কাছে হেরে গেছেন মহাবিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট!শেষ মুহূর্তে আসাফা পাওয়েল চোটের জন্য সরে দাঁড়ানোয় উত্তেজনাটা একটু কমে গিয়েছিল। উত্তেজনা ছিল বলতে বোল্টকে নিয়ে, যদি অতিমানবীয় কিছু করে দেখান এই জ্যামাইকান! কিন্তু বোল্ট পারেননি, স্টকহোমে অতিমানবীয় কাজটি করে দেখিয়েছেন টাইসন গে। ০.১৩ সেকেন্ড ব্যবধানে প্রথমবারের মতো বোল্টকে হারানোর কৃতিত্ব দেখিয়েছেন তিনি, এ পথে গে সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড। ১০০ মিটার দৌড়ে এটি বোল্টের দ্বিতীয় হার।অবিশ্বাস্য এক জয়ের পর গে বিবিসিকে বলছেন, ‘উসাইন বোল্টকে হারানোর আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি জানি, এ লড়াইয়ে শতভাগ উজাড় করে দিতে পারেননি তিনি। কিন্তু শতভাগ উজাড় করে দেওয়া বোল্টকে হারাতে চেয়েছিলাম আমি। উসাইন জানেন তাঁর সীমাবদ্ধতা কী।’ এরপর গে বলছেন, ‘সমর্থকদের জন্য এ রকম একটা জয় সব সময় গুরুত্বপূর্ণ। আমার শরীর ভালো কাজ করেছে, মানসিকভাবেও আমি উজ্জীবিত ছিলাম।’লড়াইয়ের আগে অনুশীলনেই বোল্ট জানিয়েছিলেন, যে কেউ যেকোনো দিন হারতে পারে। ক্যারিয়ারে ভালো দিন, খারাপ দিন সবই থাকবে। সেই খারাপ দিনই যেন এসে গেছে বোল্টের! হারের পর এই জ্যামাইকান বলছেন, ‘আমাকে আরও পরিশ্রম করতে হবে। প্রথম ১০ মিটার খুব বাজে হয়েছে। আমার কোনো ক্ষমতা ছিল না, কিছুই করতে পারিনি। অন্যদিকে টাইসন গে দুর্দান্ত করেছেন।’