২০০৭ ওসাকায় করেছিলেন রাজত্ব। অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেবার বিরল ট্রেবল জিতেছিলেন। একই আসরে ১০০, ২০০ ও ৪–১০০ মিটারের শিরোপাত্রয়ী তাঁর আগে জিতেছিলেন মাত্র দুজন। সেই দুজনই কিংবদন্তি—কার্ল লুইস আর মরিস গ্রিন। সাফল্যের পেঁজা মেঘে ভাসতে থাকা টাইসন গে এক বছরের মধ্যে পপাত ধরণিতল! বেইজিং অলিম্পিকে দেখলেন ঠিক উল্টো ছবি। হ্যামস্ট্রিংয়ে চোট দিয়ে ছিটকে গেলেন ট্র্যাক থেকে। ফিরলেন একেবারেই খালি হাতে!গে ভালো করেই জানেন, শেষ পর্যন্ত মানুষ অলিম্পিকের পদক দিয়েই বিবেচনা করবেন তাঁকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের অবিস্মরণীয় কীর্তিও ভুলে যাবে অনেকেই। ইতিহাসের পাতায় ঠাঁই পেতে হলে অলিম্পিকে দারুণ কিছু করে দেখাতেই হবে। ৯ আগস্ট ৩০ পূর্ণ করে ৩১-এ পা দিতে চলা গের জন্য এটাই শেষ সুযোগ। কিন্তু তাঁর দুর্ভাগ্য হলো, জ্যামাইকান রাজত্ব চলছেই। উসাইন বোল্ট তো আছেনই, নতুন ঝড় হিসেবে উঠে এসেছেন ইয়োহান ব্লেক। আছেন আসাফা পাওয়েলও। সাবেক বিশ্ব রেকর্ডধারী জানেন, অলিম্পিকে ব্যক্তিগত সোনার খরা ঘোচানোর শেষ সুযোগ এটা তাঁর জন্যও। জ্যামাইকার এই ত্রয়ীই ১০০ মিটারের তিনটি পদক ভাগাভাগি হবে বলে অনুমান। ইতিহাসের দ্রুততম মানব বোল্ট এই বছর দ্বিতীয় দ্রুততম টাইমিংটা করেছেন। বছরের দ্রুততম টাইমিংটা ব্লেকের, যেটি আবার ইতিহাসেরই চতুর্থ দ্রুততম। ইতিহাসের তৃতীয় দ্রুততম টাইমিংয়ের মালিক পাওয়েলও আছেন ভালো ফর্মে। এর মধ্যে জ্যামাইকা আবার একটা মানসিক চালও চেলেছে। অনুশীলন করছে গোপনে! গের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া হলে তিনি রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন, ‘জানতাম না ওরা গোপনে অনুশীলন করছে। আর ১০ দিন পরই খেলা। এমন খুব বেশি কিছু নেই যেগুলো আপনি লুকাতে পারেন। সময়টা লুকানোর নয়, বের করে নিয়ে আসার।’ বলেছেন, গোপন করার কিছুই নেই। ট্র্যাকে এত দিন পাশাপাশি দৌড়াতে দৌড়াতে পরস্পরের শক্তিমত্তা ভালোই জানা।এ সময় শুধু নিজেকে নিয়েই ভাবছেন। ছোটখাটো কিছু ইনজুরি সব সময়ই তাঁর ছন্দপতন ঘটিয়েছে। কদিন আগে সার্জনের ছুরির নিচেও সঁপে দিয়েছিলেন নিজেকে। কিন্তু এখন পুরো ফিট। ‘কোচ (জন ড্রুমন্ড) বলেছেন, পুরোপুরি ছন্দে ফিরতে আর মাত্র দুটি কি তিনটি অনুশীলন লাগবে আমার’—বলেছেন গে। কিন্তু তাঁর সমালোচকেরা বলেন, শুধু শরীরে নয়, মনেও সমস্যা আছে গের। চাপের মুখে নার্ভাস হয়ে পড়েন। ‘নার্ভাসনেস’টা অবশ্য অন্যভাবে ব্যাখ্যা করলেন তিনি। বললেন, রক্তে দোলা দেয় বলেই লড়াই করে মজা পান।এবার অলিম্পিকের পরে অবসর নেবেন না—এটা স্পষ্ট করেই বলেছেন। যদিও জানেন, এটাই তাঁর শেষ অলিম্পিক। গলায় সোনার মেডেল ঝুলিয়ে অলিম্পিকের পদক মঞ্চে দাঁড়াতে কেমন লাগে—গে নিশ্চয়ই এই স্বাদ নিতেই চাইবেন। ওয়েবসাইট।