গের স্বপ্নভঙ্গ
আরও একবার টাইসন গের স্বপ্নের মাঝে বাধার দেয়াল হলো চোট। চোট ভেঙে দিল এই আমেরিকানের বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট-গের রোমাঞ্চকর দ্বৈরথ দেখার প্রত্যাশায় থাকা দর্শকদের কাছেও বিষয়টি হতাশার। এএফপি, ওয়েবসাইট।নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের জাতীয় ট্রায়ালের শীর্ষ তিন স্প্রিন্টার সুযোগ পান বিশ্ব চ্যাম্পিয়নশিপে। শীর্ষ তিন দূরে থাক, গে ফাইনালেই দৌড়াতে পারেননি। ডান নিতম্বের চোটের কারণে গত পরশু যুক্তরাষ্ট্র ট্রায়ালের সেমিফাইনাল থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন এই স্প্রিন্টার। শুক্রবার ১০০ মিটারের ট্রায়াল থেকে সরে দাঁড়ানো গে শনিবার ২০০ মিটারের ট্রায়ালেও থাকছেন না।আগামী ২৭ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর বসবে দক্ষিণ কোরিয়ার দেগুতে। সেখানে বিশ্ব ও অলিম্পিক রেকর্ডের মালিক উসাইন বোল্টের অন্যতম চ্যালেঞ্জ ছিলেন এ বছর দ্রুততম সময়ে (৯.৭৯ সেকেন্ড) ১০০ মিটারে দৌড়ানো গে। দেগুতে যুক্তরাষ্ট্রের ৪–১০০ মিটার রিলে দলে থাকতে পারেন গে। যদি নির্দিষ্ট সময়ের আগে সুস্থ হয়ে ওঠেন।সেই আশা না করাই ভালো। কারণ বিশ্ব চ্যাম্পিয়নশিপ তো বটেই; গের ২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নেওয়াটাই এখন শঙ্কার মুখে। ইতিহাসের দ্বিতীয় দ্রুততম মানব গে হতাশা থেকে তাঁর ফেসবুকে লিখেছেন, ‘এখন আমার মনোযোগ শুধু স্বাস্থ্যের দিকে।’ ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারের বিশ্ব রেকর্ডটি জ্যামাইকান ‘বজ্রবিদ্যুৎ’ বোল্টের, দ্বিতীয় সেরা সময় গের, ৯.৬৯।গের স্বপ্নভঙ্গের দিনে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিক সোনাজয়ী জাস্টিন গ্যাটলিনের মুখে হাসি। ট্রায়ালে রানারআপ হওয়ায় যুক্তরাষ্ট্র দলের হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন তিনি। ১০০ মিটার জিতেছেন ওয়াল্টার ডিক্স, সময় করেছেন ৯.৯৪ সেকেন্ড। গ্যাটলিন ৯.৯৫। ৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় মাইকেল রজার্স।২০০৭ ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার জয়ের পর থেকেই নিতম্বের চোট ভোগাচ্ছে গেকে। এই চোটের কারণেই ২০০৮ বেইজিং অলিম্পিকের ১০০ মিটারের ফাইনালে ব্যর্থ হন। পরের বছর বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টের পেছনে থেকে ১০০ মিটারে রুপা জিতলেও এই চোটের কারণে ছিটকে পড়েন ২০০ মিটার থেকে।