গেরহার্ডে চোখ হকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে জঙ্গি হামলা তাঁকে প্রভাবিত করেছে। হকির নতুন দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বনেট জানিয়ে দিয়েছেন, ঢাকায় তিনি আসছেন না। ২২ জুলাই তাঁর ঢাকা আসার ব্যাপারটা অনিশ্চিত বুঝতে পেরে আগেই হকি ফেডারেশন বিকল্প সন্ধানে নেমে পড়েছে।

কোচের চেয়ারে অবশ্য পুরোনো কাউকেই দেখা যেতে পারে। সেই ব্যক্তিটি হতে পারেন বাংলাদেশ দলের সাবেক জার্মান কোচ পিটার গেরহার্ড। কদিন আগেই প্রিমিয়ার লিগে মেরিনার্সকে চ্যাম্পিয়ন করানো গেরহার্ডের ব্যাপারে ফেডারেশনের কাছে মেরিনার্সের কেউ কেউ নাকি সুপারিশ করেছেন।

কাল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বললেন, ‘আমরা গেরহার্ডের কাছে একটা পরিকল্পনা চেয়েছিলাম। দেখলাম, তিনি জাতীয় দল নিয়ে ইউরোপ সফরের ওপর জোর দিয়েই মেইল করেছেন। বাংলাদেশ দলকে এই কোচ আগেও ইউরোপে নিয়ে গেছেন। তাঁর ব্যাপারটা আমরা ভেবে দেখছি।’

হকির উন্নয়নে অবশ্য বেশি প্রয়োজন তৃণমূলে কাজ করার মতো কোচ। তাই গেরহার্ডের সঙ্গে আরেকজন কোচ রাখতে চান সাদেক।