গেরো খুলবেন ফন পার্সি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল করা তাঁর কাছে ডালভাত। ক্লাব ফুটবলেই শুধু নয়, হল্যান্ড দলের জার্সিতেও গোল করাটাকে রবিন ফন পার্সি দুনিয়ার সবচেয়ে সহজ কাজগুলোর একটি বানিয়ে ফেলেছেন! ৮৯ ম্যাচে ৪৬ গোল—এই ৩০ বছর বয়সেই দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়াটা সে কথাই বলে।
বিস্ময়কর হলেও সত্যি, সেই ফন পার্সি বিশ্বকাপ কিংবা ইউরোর নকআউট পর্বে গোল করতে পারেননি কখনোই। সত্যিকার অর্থেই বিশ্ব টুর্নামেন্টের নকআউট পর্ব পার্সির জন্য হয়ে আছে বড় এক গেরো। ডাচ স্ট্রাইকার হাজার চেষ্টাতেও সেই গেরো খুলতে পারছেন না। এর আগে দুটি বিশ্বকাপ (২০০৬ ও ২০১০) ও দুটি ইউরোতে (২০০৮ ও ২০১২) খেলেছেন পার্সি। এর মধ্যে ২০১২ ইউরোর গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় হল্যান্ড। বাকি তিনটি টুর্নামেন্টেই গ্রুপপর্ব পেরিয়ে নকআউট পর্বে গেছে হল্যান্ড। ২০১০ বিশ্বকাপে তো উঠেছিল ফাইনালেও। কিন্তু নকআউট পর্বে গোল সোনার হরিণ হয়েই আছে ফন পার্সির কাছে।
বাছাইপর্বে পার্সি বরাবরই উজ্জ্বল। হোক বিশ্বকাপ কিংবা ইউরোর বাছাইপর্ব। কিন্তু চূড়ান্ত মঞ্চে গেলেই যেন কী হয়ে যায় তাঁর! ২০০৬ বিশ্বকাপ, ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো—চারটি বড় টুর্নামেন্টে মাত্র পাঁচ গোল! চারটিই গ্রুপপর্বে।
এবার অবশ্য স্পেনের সঙ্গে প্রথম ম্যাচেই করেন জোড়া গোল। অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচেও গোল করে ফন পার্সি আভাস দিয়েছিলেন এবারের গল্পটা অন্য রকম হবে। দলের অধিনায়ক। কোচ লুই ফন গালের আস্থার প্রতীক। সব মিলিয়ে বিশ্বকাপটা তাঁরও হবে বলে মনে হচ্ছিল। কিন্তু নকআউট পর্ব শুরু হতেই পার্সিকে তাড়িয়ে বেড়াচ্ছে নকআউট পর্বের ভূত। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল—ফন পার্সি গোল করতে পারেননি একটিতেও ।
দ্বিতীয় রাউন্ড-কোয়ার্টার ফাইনালের তুলনায় নিঃসন্দেহে হল্যান্ডের জন্য আজকের সেমিফাইনাল বাধাটা অনেক কঠিন। লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠতে হলে সামর্থ্যের সর্বোচ্চটাই ঢেলে দিতে হবে। কিন্তু দলের এক নম্বর স্ট্রাইকারই তো নকআউট পর্বের গেরোয়!
ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ব্যাপারটাকে দেখছেন অন্যভাবে। নিজে গোল পেলেন কি পেলেন না, সেটা নয়, দল ভালো করলেই খুশি হবেন ফন পার্সি, ‘বিশ্বকাপ শুধু রবিন ফন পার্সির নয়। দল হিসেবে আমরা ভালো করছি। আমি বড় টুর্নামেন্টে খেলতে ভালোবাসি, কিন্তু লাইমলাইটে আসার দরকার নেই আমার।’ তিনি পাদপ্রদীপে আসতে না চাইলেও হল্যান্ড আজ ঠিকই তাকিয়ে থাকবে তাঁর দিকে। পার্সি পারবেন নকআউট পর্বের গেরো খুলে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে? এএফপি।