গেরোটা খুলবে জার্মানির?

কেন যেন গেরোটা তাদের খুলছেই না। ২০০৬ বিশ্বকাপে শেষ চারে ইতালির কাছে হেরে শিরোপাস্বপ্ন বিসর্জন৷ শেষ পর্যন্ত তৃতীয়৷ ২০১০ বিশ্বকাপেও সেমিফাইনালে হার, এবার স্পেনের কাছে৷ এবারও কপালে জুটল তৃতীয় স্থান৷ গত ২০১২ ইউরোতেও আবার সেই ইতালি থামিয়ে দেয় তাদের, কাকতালীয়ভাবে শেষ চারেই! জার্মানি এবার সেমিফাইনাল-জুজুটা কাটাতে চায়! নাম লেখাতে চায় তিনের ওপরে৷
বিশ্বকাপ জয়ের স্বপ্ন অনেকেই দেখে। সামর্থ্যবানেরাই সেটা প্রকাশ্যে জানাতে পারে। জার্মান অধিনায়ক ফিলিপ লামের কণ্ঠে শোনা যাচ্ছে সেই উচ্চারণ, ‘আমরা শুধু রোদ পোহাতে ব্রাজিলে যাচ্ছি না। আরও একবার সেমিফাইনাল থেকে আমরা বাদ পড়তে চাই না।’ বর্তমান জার্মান দলটির সামর্থ্য নিয়ে আসলে কারোরই সন্দেহ নেই, কিন্তু প্রত্যাশা ও প্রাপ্তিটা একবিন্দুতে মিলছে না বলেই সঙ্গী হচ্ছে হতাশা। নিজেদের করণীয়টা তাই ঠিক করে নিয়েছেন লাম, ‘শিরোপা জেতার মতো প্রয়োজনীয় সামর্থ্য আমাদের আছে, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে সবার ব্যক্তিগত প্রতিভা ও ধারটা দলের জন্য যাতে ঠিকঠাক কাজে লাগে।’
দায়িত্ব নেওয়ার পর জোয়াকিম লো কোনো বড় শিরোপা জিততে পারেননি। কিন্তু এই জার্মানির গড়ে ওঠা অনেকটাই তাঁর হাত ধরে। দুর্দান্ত গতির সঙ্গে ক্ষিপ্র আক্রমণ, সঙ্গে প্রতিপক্ষকে নিরন্তর চাপে রাখা, নিজেদের দিনে জার্মানি কতটা ভয়ংকর সেই প্রমাণ গত বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড পেয়েছিল।
দলের ধরনটা এবার হয়তো বলাবে না। তবে লো এবার খোঁজ করছেন বৈচিত্র্যের, ‘আমাদের নমনীয়তা ও বৈচিত্র্য নিয়ে কাজ করতে হবে। ম্যাচের পর সব সময় আপনার ‘এরপর কী হবে’ এই নীতিতে কাজ করতে হবে। বল পেলে দ্রুত প্রতি-আক্রমণে যাওয়ার ব্যাপারেও উন্নতি করতে হবে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আমরা যেমন করছিলাম, এরপর থেকে এই কাজটা আমরা ধারাবাহিকভাবে করে যেতে পারছি না।’
সবচেয়ে বড় উদ্বেগের নাম চোট। বাস্তিয়ান শোয়েনস্টেইগার নিজেকে সুস্থ দাবি করলেও তাঁর ফিটনেস নিয়ে সংশয় আছেই। চ্যাম্পিয়নস লিগ ফাইনালেই দেখা গেছে চোট কাটিয়ে নিজেকে পুরোপুরি ফিরে পেতে সময় লাগবে স্যামি খেদিরার। কদিন আগেই চোটে শেষ হয়ে গেছে মিডফিল্ডার লার্স বেন্ডারের বিশ্বকাপ । গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার কাঁধে চোট নিয়েই খেলছেন, অ্যাঙ্কেলে সমস্যা লামের।
বড় টুর্নামেন্টে জার্মানির কাছে চোট বেশ কিছুদিন ধরেই আততায়ী হয়ে আসছে। ২০০৬ বিশ্বকাপে মাইকেল বালাক খেলেছিলেন চোট নিয়ে। গতবার তো বালাকের বিশ্বকাপই শেষ করে দেয় চোট। তখনকার প্রথম পছন্দের গোলরক্ষক রেনে অ্যাডলারকেও কেড়ে নিয়েছে চোট৷
১৯৫৪ বিশ্বকাপজয়ী জার্মানি দ্বিতীয় শিরোপা জিতেছে ১৯৭৪ সালে৷ তৃতীয়টি ১৯৯০ সালে৷ তারপর ২৪ বছর কেটে যাচ্ছে, চতুর্থটির দেখা নেই৷ প্রতীক্ষার প্রহর কি ঘুচবে এবার? এএফপি৷