গোপালগঞ্জে জাতীয় সাঁতার
গত ফেব্রুয়ারি মাসে সাঁতারপুলটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গোপালগঞ্জের নবনির্মিত সাঁতারপুল এত দিন অব্যবহৃতই ছিল। এবার আনুষ্ঠানিকভাবে এই পুলের নীল জলে ঢেউ তুলবেন সাঁতারুরা। ২০ অক্টোবর শুরু হবে আরএমএম গ্রুপ ২৭তম জাতীয় সাঁতার। প্রতিযোগিতা শেষ ২৩ অক্টোবর। ঢাকার বাইরে সাঁতারকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েই এমন আয়োজন বলে জানালেন ফেডারেশন কর্মকর্তারা। এবারই প্রথম ঢাকার বাইরে হচ্ছে জাতীয় সাঁতার।
তবে ইলেকট্রনিক স্কোরবোর্ড না থাকায় হ্যান্ডটাইমিংয়েই নিরূপিত হবে সাঁতারুদের পারফরম্যান্স। সাঁতারুরা ওয়ার্মআপ করার ভালো সুযোগ পাবেন না। গোপালগঞ্জে ডাইভিং পুল না থাকায় কাল সেনাবাহিনীর ডাইভিং পুলে হয়ে গেছে ডাইভিং ইভেন্ট। এবারের জাতীয় সাঁতারের পৃষ্ঠপোষক ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরএমএম গ্রুপ। বিওএ ভবনের ডাচ্-বাংলা ব্যাংক মিলনায়তনে কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রেমাংশু সরকারসহ অন্যরা।