
দুই ম্যাচে গোলে শট নিয়েছেন ১০টি। গোল নেই একটিও। এডেন হ্যাজার্ড সফল না ব্যর্থ?
দুই দৃষ্টিকোণ থেকেই দেখা যায় তথ্যটিকে। গোলে এতগুলো শট নেওয়া মানে সেই ফুটবলার ম্যাচে আছে সব সময়ই। আবার এত শট থেকে একটিও গোল না করতে পারার ব্যর্থতা তো বটেই। তবে সাফল্য-ব্যর্থতার বিচার অনেক সময়ই হয় দলের ফলাফলে। হ্যাজার্ডকে সফল বলতে হবে দুই ম্যাচেই বেলজিয়াম জিতেছে বলে। দল জিতেছে বলেই বলা যাচ্ছে পরশু রুশ রক্ষণে বারবার অাতঙ্ক ছড়িয়েছেন হ্যাজার্ড। ম্যাচসেরার স্বীকৃতিও ওই কারণেই। সত্যি বলতে, প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকা হ্যাজার্ড পরশু ছিলেন দারুণ চনমনে। নিজে গোল না পেলেও দলকে জেতানো ম্যাচের একমাত্র গোলটি এসেছে তাঁর পাসেই।
চার গোলের ম্যাচে যখন ম্যাচসেরা গোলরক্ষক, এমনিতেই বোঝা যায় পারফরম্যান্স কতটা দুর্দান্ত ছিল। পর্তুগালের িবপক্ষে ম্যাচের শুরু আর শেষে দুটি গোল হজম করেছেন টিম হাওয়ার্ড, বিরতির ঠিক আগে নানির নিরীহ এক শটে গড়বড় প্রায় পাকিয়েই ফেলেছিলেন। কিন্তু বাকি পুরো ম্যাচ গোলবারে এতটাই দুর্দান্ত ছিলেন যে ম্যাচের চার গোলদাতা কিংবা জনসন-রোনালদো-মুতিনহোদের ছাপিয়ে ম্যাচসেরা যুক্তরাষ্ট্রের গোলকিপারই। প্রথম ম্যাচেও ঘানার বিপক্ষে জয়ে গোলবারে ৩৫ বছর বয়সী হাওয়ার্ডের পারফরম্যান্স ছিল দারুণ।
গোল করানো আর গোল ঠেকানো দুই নায়কের মাঝের ম্যাচের নায়ক গোল করেছেন এবং করিয়েছেন। আলজেরিয়া-দক্ষিণ কোরিয়ার গতিময় ছয় গোলের ম্যাচে গোলের সূচনা করেছেন ইসলাম স্লিমানি। ইয়াসিন ব্রাহিমির সঙ্গে মিলে আক্রমণের স্রোত বইয়ে দিয়েছেন কোরিয়ার রক্ষণে। ব্রাহিমি নিজেও পরে গোল করে নিশ্চিত করেছেন দলের জয়। তবে ব্রাহিমিকে ছাপিয়ে স্লিমানি ম্যাচসেরা আরেকটি গোল বানিয়ে দেওয়ায়। আবেদলেমুমেন জাবুর করা দলের তৃতীয় গোলটি এসেছে স্লিমানির পাস থেকেই।