গোল নিয়ে গোল

কমিকসের সুপারহিরো হাল্ককে তো চেনার কথা। বিরাটাকার মহাপরাক্রমশালী হাল্ক রেগেমেগে দুমড়েমুচড়ে ফেলেন প্রতিপক্ষকে। ব্রাজিল মিডফিল্ডার হাল্ক যেন আক্ষরিক অর্থেই ‘ইনক্রেডিবল হাল্ক’ হয়ে উঠেছিলেন চিলির বিপক্ষে। দ্বিতীয়ার্ধে তখন ১-১ গোলে সমতা। মুহুর্মুহু আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে উঠেছে লড়াই। ৫৪ মিনিটে হাল্কের গোল! উদ্যাপন শুরু করে দিল পুরো বেলো হরিজন্তে। কিন্তু এ কী! সহকারী রেফারি মাইক মুলারকি পতাকা উঁচিয়ে জানান দিলেন, হ্যান্ডবল হয়েছে।
রেফারি হাওয়ার্ড ওয়েব গোল বাতিল ঘোষণা করার পরপরই হাল্ক রীতিমতো খেপে গেলেন। তাঁর দাবি, হ্যান্ডবল হয়নি। আগুয়ান হাল্ক ম্যাচজুড়েই ওয়েবের সিদ্ধান্তে অসন্তোষ দেখালেন। ম্যাচ শেষেও নিজের দাবিতে অটল হাল্ক, ‘বলটি আমি প্রথমে বুকে নিয়েছিলাম। কিন্তু গোল দেওয়া হয়নি। আমার কাছে ওটা সুস্পষ্ট গোল ছিল। আমি আমার কাঁধ এবং বুক দিয়েই বল নিয়ন্ত্রণ করেছিলাম।’
তবে রিপ্লেতে দেখা গিয়েছে, ওটা হ্যান্ডবলই ছিল। তার মানে রেফারির সিদ্ধান্ত ঠিকই আছে। বড় মঞ্চে সঠিক সিদ্ধান্ত দেওয়ার রেকর্ডটা আরও সমৃদ্ধ হলো হাওয়ার্ড ওয়েবের। গত বিশ্বকাপেও এই দুদলের ম্যাচ পরিচালনা করেছিলেন হাওয়ার্ড। সেবার চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। এবার জিততে হলো টাইব্রেকারে। চিলির ঝাঁজটা ভালোভাবেই পোহাতে হয়েছে ওয়েবকেও! ডেইলিমেইল।