গোলবারে আত্মঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসনিয়ার সিয়াদ কোলাসিনাচের পায়ে বল লেগে ঢুকে যাচ্ছে নিজেদের জালে৷ ইনসেটে এসকোবারের সেই আত্মঘাতী গোল l এএফপি ও ফাইল ছবি
বসনিয়ার সিয়াদ কোলাসিনাচের পায়ে বল লেগে ঢুকে যাচ্ছে নিজেদের জালে৷ ইনসেটে এসকোবারের সেই আত্মঘাতী গোল l এএফপি ও ফাইল ছবি

‘তোমার আত্মঘাতী গোলের জন্য ধন্যবাদ।’ ফুটবল কল্পকাহিনিতে স্থায়ী জায়গা পেয়ে গেছে হামবার্তো কাস্ত্রো মুনোজের এই একটি লাইন। আন্দ্রেস এসকোবারকে গুলি করার ঠিক আগমুহূর্তে এটাই বলেছিলেন মুনোজ!
যদিও কল্পকাহিনি হয়েই থেকে গেছে এটি, সত্যতা মেলেনি। এসকোবারের বন্ধু-পরিবার আর সেই সময়ের কলম্বিয়া কোচ ফ্রান্সিকো মাতুরানার বিশ্বাস, কলম্বিয়ার নিত্যদিনের সন্ত্রাসেরই বলি হয়েছিলেন এসকোবার। আত্মঘাতী গোল স্রেফ উপলক্ষ মাত্র। তবে এসকোবারের ওই আত্মঘাতী গোলে ১৯৯৪ বিশ্বকাপ থেকে কলম্বিয়ার বিদায় আর দু সপ্তাহ পরই নিজ শহরে খুন হওয়া িমলে এমন এক আখ্যান তৈরি হয়েছে যে গল্পগুলোই সত্য বলে প্রতিষ্ঠিত হয়ে গেছে।
বিশ্বকাপের সবচেয়ে বিখ্যাত (এবং কুখ্যাত!) আত্মঘাতী গোল বলেই এসকোবারকে দিয়ে লেখাটার শুরু। এমনিতে শুরু থেকেই আত্মঘাতী গোল বিশ্বকাপের নিয়মিত সঙ্গী। এবার তো আগের সব রেকর্ড ভেঙে দেওয়ার ইঙ্গিত শুরুতেই। গত বিশ্বকাপের ৬৪ ম্যাচে আত্মঘাতী গোল হয়েছিল ২টি, এবার প্রথম চার দিনেই হয়ে গেছে ৩টি! আত্মঘাতী গোলে বিশ্বকাপের প্রথম গোলের প্রথম ঘটনাও হয়েছে এবার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলকে পিছিয়ে দিয়েছিলেন ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো। পরশু পর পর দুই ম্যাচে হয়েছে ২টি আত্মঘাতী গোল। করিম বেনজেমার শট বারে িফরে হন্ডুরাসের গোলকিপার নোয়েল ভায়াদারেসের গায়ে লেগে কোনো রকমে পেরোয় গোললাইন। সিয়াদ কোলাসিনাচ তো কিছু বুঝে ওঠার আগেই বল ঢুকিয়ে দিয়েছেন নিজেদের জালে। লিওনেল মেসির ফ্রি-কিকে কেবল নড়ে উঠছিলেন বসনিয়ান লেফট ব্যাক, পায়ে লেগে গতিপথ বদলে বল জালে!
এই গোলে আবার ইতিহাসও গড়ে ফেলেছেন কোলাসিনাচ। বিশ্বকাপে দেশের প্রথম ‘গোলস্কোরার’ হলেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিটা তো আর পাবেন না। তবে বিশ্বকাপের দ্রুততম আত্মঘাতী গোলের স্বীকৃিত ঠিকই পাচ্ছেন! প্যারাগুয়ের ডিফেন্ডার কার্লোস গামারাকে মুক্তি দিয়েছে কোলাসিনাচের ২ মিনিট ৮ সেকেন্ডের গোল। ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গামারার গোল ছিল ২ মিনিট ৪৬ সেকেন্ডে।
২০তম আসরের চতুর্থ দিন শেষে বিশ্বকাপের আত্মঘাতী গোল ৩৯টি। সবচেয়ে বেশি ৬টি হয়েছে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে, ম্যাচপ্রতি গোলের গড়েও শীর্ষে যে বিশ্বকাপ। প্রথম আসরের ষষ্ঠ ম্যাচটিই দেখেছিল প্রথম আত্মঘাতী গোল। চিলির বিপক্ষে ৩-০ গোলের হারে অবদান রেখেছিলেন মেক্সিকোর ম্যানুয়েল রোজাস। এই রোজাস পাঁচ দিন পর আবার ইতিহাস গড়েছেন বিশ্বকাপের প্রথম পেনাল্টি গোল করে। যে গোল আবার তাঁকে এনে দেয় বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলস্কোরারের সম্মান! সর্বকনিষ্ঠ গোলের ওই রেকর্ডটি ১৯৫৮ বিশ্বকাপে ভেঙেছেন পেলে। তবে দ্বিতীয় সর্বকনিষ্ঠ এখনো রোজাস।
আত্মঘাতীর গ্লানি মুছে দেওয়ার সবচেয়ে ভালো উপায় বুঝি এটিই। পারফরম্যান্সে পুষিয়ে দেওয়া। আর্নি ব্রান্টস যেমন সময় নিয়েছিলেন মাত্র আধঘণ্টা! ১৯৭৮ বিশ্বকাপে ইতালির বিপক্ষে আত্মঘাতী গোলে দলকে পিছিয়ে দিয়েছিলেন এই ডাচ ডিফেন্ডার। পরে তিনিই আবার সমতায় ফেরান দলকে। অরি হানের গোলে শেষ পর্যন্ত জেতে হল্যান্ডই। বিশ্বকাপে একই ম্যাচে প্রতিপক্ষ ও নিজেদের জালে বল পাঠানো একমাত্র ফুটবলার ব্রান্টসই! এক ম্যাচে দুটি আত্মঘাতী গোলও হয়েছে একবার। ২০০২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেন পর্তুগালের হোর্হে কস্তা, পর্তুগালের হয়ে করেন যুক্তরাষ্ট্রের জেফ আগুস।
তবে ব্রেন্ট সাঞ্চোর মতো দুর্ভাগা বুঝি কমই আছেন। বিশ্বকাপে দলের একমাত্র গোলস্কোরার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্ডার, ২০০২ বিশ্বকাপে ওই গোলটি করেছিলেন নিজেদের জালেই!