গোলবারের দুই বীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেইলর নাভাস,গিলের্মো ওচোয়া
কেইলর নাভাস,গিলের্মো ওচোয়া

দুজন গোলকিপার, দুজনই ম্যান অব দা ম্যাচ হলেন দ্বিতীয়বার। দিন শেষে তবু দুই মেরুতে দুজন। দলের ইতিহাস গড়ার উৎসবে বাড়তি রং চড়িয়েছে কেইলর নাভাসের ম্যাচসেরা হওয়া। অন্যদিকে গিলের্মো ওচোয়ার ম্যাচসেরা স্বীকৃতি যেন বিবর্ণ হয়ে যাচ্ছে দল ছিটকে পড়ায়।
গ্রুপপর্বে ইংলিশদের আক্রমণের স্রোত সামলে ম্যাচের সেরা হয়েছিলেন নাভাস। পরশুও কোস্টারিকার গোলবারে ছিলেন দেয়াল হয়ে। লাল কার্ডের খাড়ায় ১০ জনে নেমে আসা দলকে বাঁচিয়েছেন একের পর এক সেভ করে। শেষ মুহূর্তে কস্তাস মিত্রোগ্লুর হেড ফিরিয়েছেন অসাধারণ ক্ষিপ্রতায়। টাইব্রেকারে ঠেকিয়েছেন থিওফানিস গেকাসের শট। নাভাসের ভেলাতেই স্বপ্নের কোয়ার্টার ফাইনালে কোস্টারিকা।
ওচোয়ার ভেলাতেও মেক্সিকো ছুটছিল সেই স্বপ্নের ঠিকানায়। রোবেন-ডি ভ্রাইদের নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেছেন। গড়পড়তা আক্রমণ ঠেকিয়েছেন তো অসংখ্য। কোয়ার্টার ফাইনাল থেকে স্রেফ মিনিট পাঁচেক দূরে ছিল মেক্সিকো। কিন্তু ওয়েসলি স্নাইডারের সেরা সময়ের একটু ঝলকে ভাঙল ওচোয়ার দেয়াল। ক্লাস-ইয়ান হান্টেলারের পেনাল্টি ছিটকে দিল মেক্সিকোকে। ওচোয়ার তাতে করার ছিল সামান্যই! ম্যাচের ফলাফলটা নাহয় তাই এক পাশেই থাক, নইলে পরশুর বিশ্বকাপ তো ছিল দুই কনক্যাকাফ গোলকিপারের বীরোচিত পারফরম্যান্সের গল্প!