গোলরক্ষক প্রেসিডেন্ট!

পরশু ক্রোয়েশিয়া-মেক্সিকো ম্যাচ পর্যন্ত গোলসংখ্যা ১০৮। সংখ্যাই বলছে ব্রাজিল বিশ্বকাপে ঝড়টা গোলরক্ষকদের ওপর দিয়েই বইছে। প্রতিপক্ষ দলের একের পর এক আক্রমণ। হাত, পা, মাথা, বুক যখন যেভাবে সম্ভব সেভাবেই বল ঠেকানোর প্রাণপণ চেষ্টা। তবু যেন শেষ রক্ষা হচ্ছে না। গোলরক্ষকদের এমন বেহাল দশা! ধার-দেনায় জর্জরিত আর্জেন্টাইন প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজেরও বেহাল দশা। নিজেকে নাকি অন্তহীন পেনাল্টি শটের সামনে দাঁড়ানো অসহায় এক গোলরক্ষক মনে হচ্ছে! যে ম্যাচের রেফারিও পক্ষপাতদুষ্ট। আর্জেন্টিনা অর্থনীতির দৈন্যদশায় নিজের অসহায়ত্ব বোঝাতে ফার্নান্দেজ বলছেন, ‘আমি যেন গোলরক্ষক। সত্যি কথা বলতে কী...আমরা বিশ্বকাপের মেজাজে আছি, তারা আমার দিকে পেনাল্টি শট মারছে, ফ্রিকিক দিচ্ছে, এমনকি তারা হাত দিয়েও গোল দিচ্ছে...ভয়ানকভাবে পক্ষপাতদুষ্ট রেফারি দুই-তৃতীয়াংশ সময় ধরে ঝামেলা করছে।’ রয়টার্স।