গোলরক্ষকদেরও বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিলের্মো ওচোয়া, ম্যানুয়েল নয়্যার, টিম হাওয়ার্ড, সার্জিও রোমেরো, কেইলর নাভাস
গিলের্মো ওচোয়া, ম্যানুয়েল নয়্যার, টিম হাওয়ার্ড, সার্জিও রোমেরো, কেইলর নাভাস

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের তুলনায় তো বটেই, পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের ইতিহাসেই সবচেয়ে আক্রমণাত্মক বিশ্বকাপ হিসেবে জায়গা করে নিতে যাচ্ছে ব্রাজিল বিশ্বকাপ। মাঠের খেলা ছিল অনেক বেশি আক্রমণাত্মক। গোলের হিসাবেও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ আগের সব টুর্নামেন্টকে ছাড়িয়ে যাওয়ার পথে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল হয়েছে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে, ১৭১টি। এবার পরশু ব্রাজিল-হল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পর্যন্ত ৬৩ ম্যাচে গোল হয়েছে ১৭০টি। গত রাতে জার্মানি-আর্জেন্টিনার ফাইনালে দুটি গোল হয়ে থাকলে ব্রাজিল বিশ্বকাপ গোলসংখ্যায় উঠে গেছে সবার ওপরে। একটি হলেও নাম লিখিয়েছে ১৯৯৮ বিশ্বকাপের পাশে। এসব তথ্য আকর্ষণীয় টুর্নামেন্টের সাক্ষ্যই দিচ্ছে।
বিস্ময়কর হলেও সত্যি, গোলবন্যার এই বিশ্বকাপ হয়ে থাকছে গোলরক্ষকদেরও! গোলরক্ষকেরা কী বিস্ময়করভাবেই না নিজেদের তুলে ধরেছেন ব্রাজিলে! গতকাল মারাকানার ফাইনালে মুখোমুখি হওয়া জার্মানি ও আর্জেন্টিনার গোলরক্ষকদের কথাই ধরুন। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার অনেক দিন ধরেই বিশ্বসেরা গোলরক্ষকদের একজন। ব্রাজিলে দলকে ফাইনালে তোলার পথে অবিশ্বাস্য সব সেভ করে নয়্যার নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। দুর্দান্ত সব সেভই শুধু নয়, নয়্যার নজর কেড়েছেন পোস্ট ছেড়ে বেরিয়ে এসে সুইপার-গোলরক্ষকের ভূমিকা দিয়েও!
নয়্যারের ফাইনালের প্রতিপক্ষ সার্জিও রোমেরোকে নিয়ে টুর্নামেন্টের শুরুতে বাজি ধরার লোক কমই ছিল। সাম্পদোরিয়া থেকে ফরাসি ক্লাব মোনাকোতে ধারে খেলতে এলেও পুরো মৌসুমে খেলতে পেরেছেন মোটে একটা ম্যাচ! বিশ্বকাপে এমন একজনের ওপর আস্থা রাখাটা কোচ আলেসান্দ্রো সাবেলার চ্যালেঞ্জই ছিল। রোমেরো কী দারুণভাবেই না কোচের সেই আস্থার প্রতিদান দিলেন। ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা ৬ ম্যাচে খেয়েছে মোটে ৩টি গোল। রোমেরোর কৃতিত্বটা ফুটিয়ে তুলতে এই তথ্যটাই যথেষ্ট। তবে বড় কৃতিত্বটা তিনি দেখিয়েছেন আসলে সেমিফাইনালে। টাইব্রেকারে হল্যান্ডের দুটি শট ঠেকিয়ে দিয়ে দলকে ফাইনালে তুলেছেন তিনিই।
মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়া বিশ্বকাপে এসেছিলেন ফ্রি এজেন্ট হিসেবে। মানে কোনো ক্লাবের সঙ্গেই চুক্তি নেই তাঁর। গত মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে অ্যাজাক্সিওর সঙ্গে চুক্তির মেয়াদ। ফরাসি ক্লাবটি চুক্তি নবায়ন করেননি। তবে বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স দেখে অনেক ক্লাবই নিশ্চয় ওচোয়ার দুয়ারে কাড়া নাড়ার প্রস্তুতি নিচ্ছে! গ্রুপপর্বে স্বাগতিক ব্রাজিলকে বলতে গেলে একাই রুখে দিয়েছেন ওচোয়া। ওচোয়া বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে হল্যান্ডের সঙ্গেও। দল হারলেও পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।
ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম কোস্টারিকা। মধ্য আমেরিকার দেশটি যে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল, তার পেছনে সবচেয়ে বড় অবদান গ্লাভস হাতে কেইলর নাভাসের। ক্লাব ফুটবলের দুর্দান্ত পারফরম্যান্সটাই যেন বিশ্বকাপেও টেনে নিয়ে গিয়েছিলেন লেভান্তের গোলরক্ষক। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পাঁচ ম্যাচে ‘পুঁচকে’ কোস্টারিয়া গোল খেয়েছে মাত্র দুটি! তার একটি আবার পেনাল্টি থেকে। অর্থাৎ ৫১০ মিনিট খেলে মাঠের খেলায় নাভাস গোল খেয়েছেন মোটে একটি! পাঁচ ম্যাচের তিনটিতেই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা তিনিই।
কনক্যাকাফ অঞ্চলের আরেক দেশ যুক্তরাষ্ট্রও দ্বিতীয় রাউন্ডে উঠেছিল গোলরক্ষক টিম হাওয়ার্ডের কাঁধে চেপেই। বিশেষ করে বেলজিয়ামের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এভারটন গোলরক্ষক ছিলেন অবিশ্বাস্য। ১৬টি সেভ করে গড়েছেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেভ করার নতুন রেকর্ড।
এছাড়া নাইজেরিয়ার গোলরক্ষক ভিনসেন্ট এনিয়েমা, আলজেরিয়ার গোলরক্ষক রাইস এমবোলহি, সুইজারল্যান্ডের গোলরক্ষক ডিয়েগো বেনাগিলোরাও আলো ছড়িয়েছেন। আর টিম ক্রাল তো বিস্ময়ের নামই! হল্যান্ডের দ্বিতীয় গোলরক্ষকের বদলি হিসেবে নামাটা এই বিশ্বকাপেরই সবচেয়ে বিস্ময়কর বদলি। কোস্টারিকার সঙ্গে কোয়ার্টার ফাইনালে ম্যাচ টাইব্রেকারে যাচ্ছে দেখে শেষ মুহূর্তে তাঁকে মাঠে নামান ডাচ কোচ লুই ফন গাল। খেলতে পারেন মাত্র এক মিনিট। টাইব্রেকারে কোস্টারিকার দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যান টিম ক্রাল। আর্জেন্টিনার সঙ্গে পরের ম্যাচেও টাইব্রেকারে সেই ক্রালের না খেলাটাও বুঝি এই বিশ্বকাপের আরেকটি বিস্ময়।
এ তো গেল সফলদের কথা। উল্টো ছবিও আছে। ব্যর্থতার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে জ্বলছেন ইকার ক্যাসিয়াস। গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরাদের একজন। স্পেনের ফুটবল-রূপকথার নায়ক। সেই ক্যাসিয়াসই ব্রাজিল বিশ্বকাপে দলকে ডোবাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাস্যকর সব ভুল করে! রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভকেও তোলা যায় একই কাঠগড়ায়। তবে ক্যাসিয়াস, আকিনফিভের ব্যতিক্রমী ঘটনার পরও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ইতিহাসের পাতায় গোলরক্ষকদের বিশ্বকাপ হয়েই থাকবে।