গোললাইন পোড়াচ্ছে ক্যাপেলোকে
প্রযুক্তির ব্যবহার বেড়ে গেলে ফুটবল কম্পিউটার গেমসে পরিণত হয় কি না, সেই আতঙ্কে মিশেল প্লাতিনির মতো সৌন্দর্যের পূজারিরা তো রীতিমতো আঁতকে উঠেছিলেন। তবে বঞ্চনার গল্প কিন্তু কম নেই ফুটবল ইতিহাসে। বিশেষ করে বল গোললাইন পেরোল কি না, তা নিয়ে বিতর্ক অন্তহীন। ১৯৬৬-এর ফাইনালের অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের জিওফ হার্স্টের গোল তো আজও জার্মানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।
এই তো গত বিশ্বকাপেও দুর্ভাগ্যের চিত্রায়ণ হলো আরও একবার। ভাগ্যের ফেরে এখানেও ইংল্যান্ড বনাম জার্মানিই! তবে এবার শিকার ইংল্যান্ড। ৩৮ মিনিটে ল্যাম্পার্ডের শট ক্রসবারে লেগে গোললাইন পেরোলেও রেফারি তাতে সায় দেননি। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো গোললাইন প্রযুক্তির ব্যবহার হচ্ছে এবারের বিশ্বকাপে ইতিমধ্যে ফ্রান্স গোললাইন প্রযুক্তির সুবিধা হাতেনাতে পেয়েও গেছে।
এসব দেখেই কিনা ২০১০ বিশ্বকাপের ল্যাম্পার্ডের সেই গোল না দেওয়ার ঘটনা এখনো পোড়াচ্ছে তখনকার ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোকে। সেই গোলটি দেওয়া হলে ম্যাচের মোড় ঘুরে যেত বলেই তাঁর বিশ্বাস, ‘যাঁরা ফুটবল বোঝেন, তাঁরা জানেন ২-০ থেকে স্কোরলাইন ২-২ অবশ্যই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এই ঘটনাই গোললাইন প্রযুক্তির সূচনা করেছে। কিন্তু আমাদেরই মূল্য দিতে হয়েছিল।’ রয়টার্স।