গোল্ডেন বল মেসির, বুট রদ্রিগেজের
কলম্বিয়ার বাড়িতে বসে নিশ্চয়ই এপাশ-ওপাশ করছিলেন হামেস রদ্রিগেজ। গোল্ডেন বুটটা না টমার মুলার আবার নিয়ে যান! মুলার না পারলে হয়তো মেসি। কিন্তু মুলার-মেসি কেউ নন। রদ্রিগেজই জিতে নিলেন ব্রাজিল বিশ্বকাপের সোনার বুট।
মেসি বিশ্বকাপ জিততে না পারলেও সোনার বল উঠছে তাঁরই হাতে। গোল্ডেন গ্লাভস পাচ্ছেন চ্যাম্পিয়ন জার্মানির গোলরক্ষক নয়্যার। সেরা তরুণ খেলোয়াড় ফ্রান্সের পল পগবা।
ফাইনালে মুলার গোলের রাস্তা খুলতে খুলতেও আর পারলেন না। মেসিও তাই। ঝলক দেখিয়ে জায়গা বের করার চেষ্টা করছিলেন আর্জেন্টাইন জাদুকর। গোলে ঠিক সেভাবে মেসিসুলভ শট নেওয়া হয়নি। মেসি-ভক্তদের জন্য এটা হতাশার হলেও রদ্রিগেজ হাঁফ ছেড়ে বাঁচলেন।
কলম্বিয়ার তরুণ তুর্কির গোল ছয়টি। মুলারের পাঁচ, মেসির চার। মেসির যে কী হলো, গ্রুপপর্বে চার গোল করার পর আর গোল নেই। তাঁর ক্যারিয়ারেই এমন সময় সম্ভবত কমই এসেছে। টানা চার ম্যাচ গোলহীন কাটিয়ে জিততে পারলেন না বিশ্বকাপের গোল্ডেন বুটটা।
ফাইনালে নায়ক হওয়ার মঞ্চ ছিল সাজানোই। গোল্ডেন বুট না হোক বিশ্বকাপ জিতে তো ইতিহাসে জায়গা পেতে পারতেন। শেষ পর্যন্ত হলো না। দুঃখিত মেসি!
অথচ কী দুর্দান্ত শুরুই না করেছিলেন এই বিশ্বকাপে! একক নৈপুণ্যে গোল করে বিশ্বকাপের মূল আলোটা রাখেন নিজের ওপর। কিন্তু শেষটা এমন হবে নিশ্চয়ই ভাবেননি মেসি। মারাকানা থেকে কাল বেরোতে বেরোতে হয়তো নিজেকে সান্ত্বনা দিচ্ছিলেন এই বলে, ‘চেষ্টা তো করেছি। না হলে কী করব!’
মুলারের তেমন অনুভূতি হওয়ার কথা নয়। গত বিশ্বকাপে জিতে নেন গোল্ডেন বুট। এবার না পারায় আক্ষেপ থাকলেও সেটা দলীয় সাফল্যে মুছে গেছে নিশ্চয়ই। এঁদের পাশে রদ্রিগেজ নামটা আলোড়ন তুলছে না, কিন্তু তাঁর কীর্তিটা অনন্য। বিশ্বকাপ শুরুর আগে আলোচনার টেবিলে এই ২২ বছরের তরুণের নামটা ওঠেনি। ওঠার কথাও নয়। কত বড় বড় নাম নিয়ে চায়ের কাপে ঝড়! মেসি তো ছিলেনই, মুলার, রোনালদো...। কিন্তু সবাইকে চমকে আড়াল থেকে আলোয় এসে হাজির রদ্রিগেজ।