গোল্ডেন বুটে চোখ আগুয়েরোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জিও আগুয়েরো
সার্জিও আগুয়েরো

লিওনেল মেসি যে দলে আছেন সেই দলটাকে গোলের জন্য অন্য কারও দিকে তাকিয়ে থাকতে হয় না৷ এই দলে সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, এজেকুয়েল লাভেজ্জিদের মতো ইউরোপ মাতানো স্ট্রাইকাররা গোলের ভাগ পান কি না সেটি নিয়েই অনেকের সংশয় জাগতে পারে। কিন্তু সার্জিও আগুয়েরো আত্মবিশ্বাসী, গোল তিনি পাবেন৷ এবং সংখ্যাটা এমন হতে পারে যা তাঁকে এনে দিতে পারে গোল্ডেন বুট৷ ব্রাজিল বিশ্বকাপে শুধু গোলের জন্যই বসে থাকবেন না ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার৷ গোল্ডেন বুটকে পাখির চোখই করছেন ম্যারাডোনার ভূতপূর্ব জামাতা!
অনেক দিন ধরেই গোল্ডেন বুটের সঙ্গে দেখা হয় না আর্জেন্টাইন স্ট্রাইকারদের। সেই ১৯৩০ সালে প্রথম আসরে গিলের্মো স্টাবিল ৮ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এরপর সর্বশেষ ১৯৭৮ বিশ্বকাপে মারিও কেম্পেস জেতেন গোল্ডেন বুট। কেম্পেসের অর্জনটা অবশ্য আরও মহিমান্বিত, গোল্ডেন বুটের সঙ্গে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও জিতেছিলেন বিশ্বকাপজয়ী স্ট্রাইকার । ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিলের গারিঞ্চা ও ১৯৮২ বিশ্বকাপে ইতালির পাওলো রসিরই শুধু আছে এই কীর্তি।
১৯৮৬ সালে ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিলেও সেবার সবচেয়ে বেশি গোল ছিল ইংল্যান্ডের গ্যারি লিনেকারের। এরপর গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও হারনান ক্রেসপো কাছাকাছি গিয়েও জিততে পারেননি এটা। এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে কি না সেটা সময়ই বলে দেবে, তবে আগুয়েরো গোল্ডেন বুটের দিকেই তাকিয়ে, ‘অবশ্যই আমি গোল্ডেন বুট জিততে পারি। কেউ না কেউ তো পাবেই!’ তবে বিশ্বকাপ জেতার ব্যাপারে অতটা উচ্চকিত নন আগুয়েরো, ‘আমরা বিশ্বকাপও জিততে পারি। কিন্তু কাজটা সহজ হবে না।’
আর্জেন্টিনায় ক্যারিয়ার শুরু করলেও আগুয়েরো নিজেকে চিনিয়েছেন ইউরোপে এসেই। কিন্তু বল নিয়ে কারিকুরি করতে ইদানীং খুব একটা দেখা যায় না তাঁকে। কারণটা নিজেই ব্যাখ্যা করেছেন, ‘আমি আগে সব সময় স্টেপওভারগুলো অনুকরণ করতে চেয়েছি। কিন্তু এটা অনুকরণ করতে গিয়ে এক দিন আমি পড়ে যাই। এরপর থেকে আমি এটা করা বাদ দিয়েছি। এখন আমি আমার খেলাই খেলি ।’ ওয়েবসাইট।