গোল্ডেন বুটের আগে শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টমাস মুলার
টমাস মুলার

পর পর দুবার গোল্ডেন বুট জয়ের রেকর্ডটি মনে হয় এবার হয়েই যাচ্ছে৷ ব্রাজিল বিশ্বকাপ শেষেই হয়তো দেখা যাবে জার্মান ফরোয়ার্ড টমাস মুলারের হাতে আবারও উঠছে ‘সোনার জুতা’৷ সাম্বার দেশে আসার আগে অবশ্য সে রকমই পূর্বাভাস দিয়েছিলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী ফরোয়ার্ড৷ প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে সেই লক্ষ্যের দিকে খানিকটা কি এগিয়ে গেলেন মুলার?
না, আপাতত গোল্ডেন বুটটাকে মাথায় ঢোকাচ্ছেন না তিনি৷ শিরোপাজয়ই ঘুরপাক খাচ্ছে জার্মান ফরোয়ার্ডের মাথায়৷ বায়ার্ন মিউনিখ তারকার মুখেই শুনুন, ‘আমাদের মূল উদ্দেশ্যে অটল থাকতে হবে৷ মাত্রই তো প্রথম ম্যাচ গেল৷ আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই৷ সেটা হতে পারলে রেকর্ড এমনিই আসবে৷ আবার নাও আসতে পারে৷ এসব নিয়ে ভাবলে হবে না৷ এটা ঠিক যে বিশ্বকাপে হ্যাটট্রিক প্রতিদিন হয় না৷ কিন্তু বিশ্বকাপে আমার পারফরম্যান্স ভালো হচ্ছে৷ গত বিশ্বকাপে যেখানে শেষ করেছিলাম, আমি শুধু সেখান থেকেই এবার শুরু করতে চেয়েছি৷’ ঠিকই তো বলছেন মুলার৷ ২০১০ বিশ্বকাপে জার্মানরা যখন মাঠে নামে, এক মিরোস্লাভ ক্লোসাই ছিলেন পরিচিত মুখ৷ আর টমাস মুলার, মেসুত ওজিলরা একেবারেই নতুন, অখ্যাত খেলোয়াড়৷ কিন্তু তারুণ্যের ঝান্ডা উড়িয়ে এই দলটিই পৌঁছে যায় সেমিফাইনালের মঞ্চে৷ এঁদের মধ্য ব্যতিক্রমী প্রতিভা ছিলেন মুলার৷ এবার তাই প্রত্যাশার বলয়টা তাঁকে ঘিরে থাকাটাই স্বাভাবিক৷ প্রত্যাশ পূরণে কতটুকু সফল হবেন, সেটা এখনই তো বলা সম্ভব নয়৷ তবে নিজেকে উজাড় করে দিতে প্রতিজ্ঞাবদ্ধ মুলার, ‘নিজের সেরাটা ঢেলে দেওয়ার ক্ষেত্রে আমার পরিচিতি আছে৷ কিন্তু পরের ম্যাচেও একই রকম খেলতে পারব, সেটা নিশ্চিত করে বলতে পারছি না৷ আগে থেকে কেউই সেটা বলে দিতে পারবে না৷ শুধু যথাসাধ্য চেষ্টা করে যাব৷’
মুলারের মতো খেলোয়াড় ভালো খেলতে প্রতিজ্ঞাবদ্ধ, তার মানে অন্য দলগুলোকে সতর্ক তাহলে হতেই হবে! ফিফাডটকম৷