গোয়ালার ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজপাড়াগাঁ থেকে উঠে এসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ১০ বছরের শুভম।
অজপাড়াগাঁ থেকে উঠে এসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ১০ বছরের শুভম।

বাবা নিরক্ষর গোয়ালা। নিদারুণ দারিদ্র্যে বসবাস শুভম জাগলানদের। এমন পরিস্থিতিতে একটা মানুষের স্বপ্ন কতটুকুইবা বড় হয়? তাও আবার ১০ বছরের শুভমের? তবুও স্বপ্ন দেখেছিল শুভম। আর সেই স্বপ্নটাও যে এত দ্রুত মুঠোয় ধরা দেবে, তা কি ভেবেছিল ১০ বছরের শিশু? সে কি ভেবেছিল জুনিয়র ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়ন হবে? শুভমের গল্পটা যেন হারা মানায় রূপকথাকেও।
শুভম উঠে এসেছে হরিয়ানা প্রদেশের পানিপথের ছোট্ট এক গ্রাম ইসরানা থেকে। পানিপথ—নামেই বোঝা যাচ্ছে এলাকাটা ঐতিহাসিকভাবেই বিখ্যাত। নামের সঙ্গেই লড়াইয়ের ইতিহাস জড়িয়ে। শুভমের গ্রামটাও আবার বিখ্যাত কুস্তিগীরদের জন্য। এখনো সন্ধ্যার পর নিয়মিত কুস্তির লড়াই হয় গ্রামে। নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি মেনে কুস্তিগীর হওয়ার স্বপ্ন দেখতে পারত শুভম। তা দেখেনি। সে হতে চেয়েছে গলফার। গলফ, ধনীদের বিলাসিতার খেলা বলেই অনেকের কাছে পরিচিত। সেই খেলাটাই ভালো লেগে​ গেল শুভমের!
প্রত্যন্ত অঞ্চল থেকে অতটুকুন ছেলের পক্ষে কীভাবে সম্ভব ভালো গলফার হওয়া? গলফের প্রথম পাঠটা সে নিয়েছিল ইউটিউব থেকে। এ ক্ষেত্রে তাকে সহায়তা করেছে এলাকার বড় ভাইয়েরা। তবে শুভমকে তুলে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের ‘দ্য গলফ ফাউন্ডেশনে’র। শুভমের গ্রামে ক্যাম্প করেছিল ফাউন্ডেশনটি। আর সেখানেই দেখা মেলে এ রত্নের। এই ফাউন্ডেশনের সঙ্গে জড়িয়ে কিন্তু অনেক বড় বড় নাম। বলিউড তারকা আমির খান, অনিল কাপুরের সহযোগিতা রয়েছে এ
ফাউন্ডেশনের উন্নয়নে।

শুরুর দিকে শুভমের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল যাতায়াত সমস্যা। প্রায় ১০০ কিলোমিটার দূরে দিল্লিতে আসা তার জন্য কঠিনই। একপর্যায়ে শুভম ও তার বাবাকে দিল্লিতে নিয়ে আসার উদ্যোগ নেয় দ্য গলফ ফাউন্ডেশন। এরপর শুরু হয় তাকে তৈরি করার পালা। দিন যত এগোতে থাকে, ততই দ্যুতি ছড়াতে থাকে সে। একের পর এক ঘরোয়া টুর্নামেন্ট জিতে তাক লাগিয়ে দেয় সবাইকে।
এর পর স্বপ্নযাত্রার আসল ধাপ। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে জুনিয়র ওয়ার্ল্ড গলফে অংশ নেবে শুভম। কিন্তু ফ্যাকরা বাধল অন্য খানে। মার্কিন দূতাবাস কিছুতেই ভিসা দেবে না তার বাবাকে। যুক্তি হিসেবে জানাল, শুভমের বাবা কর্মহীন। যুক্তরাষ্ট্রে গেলে যে ফিরে আসবে, তার নিশ্চয়তা কী? অনেক বুঝিয়ে, বড় অঙ্কের মুচলেকা দিয়ে তবেই বাবার ভিসার জোগাড় করে দ্য গলফ ফাউন্ডেশন।
এর পর তো ইতিহাস। শুভমের হাত ধরেই বিশ্বমঞ্চে আরও একবার উড়ল ভারতের পতাকা। জুনিয়র ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপে ৯-১০ বয়সের বিভাগে ১১২ জনের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেল শুভম।
ভারতের এ বিস্ময় বালকের চোখজুড়ে স্বপ্নটা এখন আরও বড়। সেটি বাস্তবে রূপ নিলে ভবিষ্যতে পানিপথ কেবল বাবর-ইব্রাহিম লোদিদের যুদ্ধের ইতিহাসের জন্যই বিখ্যাত হবে না, হবে শুভমের কারণেও। শুভম আরও একবার প্রমাণ করল, মানুষ তার আশার সমান, স্বপ্নের সমান বড়! টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।