গোঁজামিলের ফেড কাপ
এক টুর্নামেন্টে দুই রকম আইন! ৫ অক্টোবর ঢাকায় শুরু হতে যাওয়া গ্রামীণফোন ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে তা দেখা যাবে। ১৬ দলের মৌসুম সূচক এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে সরাসরি খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি দল। এই দলগুলো সর্বোচ্চ চারজন বিদেশি খেলাতে পারবে। কিন্তু বাছাইপর্ব উত্তীর্ণ ছয়টি দল এ সুযোগ থেকে বঞ্চিত।ওই দলগুলোর শক্তি কম। কণ্ঠস্বরও ক্ষীণ। খেলার সুযোগ পেয়েই বর্তে গেছে তারা। ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানে কাল বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বললেন, ‘বাছাই থেকে আসা দলগুলো যে পর্যায়ে খেলে, সেখানে বিদেশি খেলোয়াড়ের অনুমোদন নেই। কাজেই ফেড কাপের ফাইনাল রাউন্ডে এলেও আগের নিয়মটাই তাদের জন্য প্রযোজ্য। সেগুলোকে বিদেশি নিতে দিলে স্থানীয় খেলোয়াড় উঠে আসবে কীভাবে?’ যুক্তি বটে! একদিকে শীর্ষ দলগুলোর জন্য বিদেশিদের দরজা অবারিত। সাতজনকে নিবন্ধন করা যাচ্ছে! অন্যদিকে ছোট দলগুলোর জন্য তা বন্ধ। এটা কি বাফুফের স্ববিরোধিতা নয়? সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠেছিলও।গোঁজামিল আরও আছে। গত ফেডারেশন কাপের অবস্থান অনুযায়ী এবার গ্রুপিং সাজানোর কথা। গতবার চ্যাম্পিয়ন-রানার্সআপ ছিল শেখ জামাল ও বিজেএমসি। এবার এই দুই দলেরই শীর্ষ বাছাই হওয়া ছিল বাঞ্ছনীয়। অথচ তা না করে গত লিগের অবস্থান অনুযায়ীই দলগুলোকে বিভিন্ন গ্রুপে রাখা হয়েছে! যা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন সালাম।ওদিকে পূজা ও ঈদের আগে চূড়ান্ত পর্ব দ্রুত শেষ করতে গ্রুপ পর্বে প্রতিদিন তিনটি করে খেলা। ২০ অক্টোবর ফাইনাল। গ্রুপ পর্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাড়ে ৩ ও সাড়ে ৫টায়, কমলাপুরে সাড়ে ৩টায় খেলা। প্রথম দিনে বঙ্গবন্ধুতে প্রথম ম্যাচ মোহামেডান-ফেনী রামপুর বয়েজ। পরের ম্যাচ শেখ রাসেল-পুলিশ। কমলাপুরে বিজেএমসি-খুলনা আবাহনী ম্যাচ।১৯৮০ সালে শুরু ফেডারেশন কাপ অতীতের ধারাবাহিকতায় এবারও সাদামাটা আয়োজনই দেখছে। বাড়তি কোনো উদ্যোগ নেয়নি ফেডারেশন। সেই গতানুগতিক আয়োজন। উপরন্তু এবার বাফুফের টুর্নামেন্ট কমিটি সর্বসাকল্যে বাছাইপর্বে দল আনতে পেরেছিল মাত্র ৯টি। অথচ আগে এর চেয়ে বেশি দল আসত। ফেনী ও যশোরে বাছাইপর্ব আয়োজন করে তারা প্রশংসা দাবি করছে, কিন্তু প্রত্যাশিত সংখ্যায় দল আনতে না পারা একটা ব্যর্থতা।টুর্নামেন্টের অর্থ পুরস্কারও বাড়েনি। চ্যাম্পিয়ন ৫ লাখ ও রানার্সআপ ৩ লাখ টাকা পুরস্কার পাবে। ঢাকার বাইরের দলগুলোকে এক লাখ টাকা করে দেওয়া হচ্ছে। তবে দলগুলোর অংশগ্রহণ ফি ২৫ হাজার এবং সেরা খেলোয়াড়-সেরা গোলদাতার জন্য ২৫ হাজার টাকার অর্থ পুরস্কারও এই সময়ে কমই। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানটাও থাকল সাদামাটা। এতে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব করেপোরেট কমিউনিকেশনস তাহমিদ আজিজুল হকসহ বাফুফের কর্মকর্তা ও কয়েকজন ক্লাব প্রতিনিধি। ফেডারেশন কাপ গ্রুপিংগ্রুপ-এমোহামেডান, শেখ রাসেল, বাংলাদেশ পুলিশ, ফেনী রামপুর বয়েজ।গ্রুপ-বিমুক্তিযোদ্ধা, শেখ জামাল ধানমন্ডি, কক্স সিটি, নোয়াখালী একাডেমি।গ্রুপ-সিআবাহনী, ব্রাদার্স, রহমতগঞ্জ, যশোর ডিএফএ। গ্রুপ-ডিবিজেএমসি, আরামবাগ, ফেনী সকার, খুলনা আবাহনী।